চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রিন্স মাহমুদ
প্রিন্স মাহমুদ। ছবি: সংগৃহীত
গীতিকবি, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদকে যুক্ত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার। একই সঙ্গে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রফিকুল আনোয়ার রাসেলও নবগঠিত বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন।
গত (ফেব্রুয়ারি) বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগে ঘোষিত সার্টিফিকেশন বোর্ডে থাকা চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির এবং চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান আর এই কমিটিতে নেই। এর মধ্যে খিজির হায়াত খান পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
এ নিয়ে আলোচনা ও সমালোচনার প্রেক্ষিতে আগের বোর্ড বাতিল করে ১৫ সদস্যের নতুন সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়েছে। নবগঠিত এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব। আর সদস্যসচিব হিসেবে থাকছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান।
নতুন বোর্ডে প্রিন্স মাহমুদ ও রফিকুল আনোয়ার রাসেলের পাশাপাশি কাজী নওশাবা আহমেদ, তাসমিয়া আফরিনসহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন।
সার্টিফিকেশন বোর্ডের এক সদস্য জানিয়েছেন, নবগঠিত বোর্ড আজ থেকেই সিনেমা দেখা ও সার্টিফিকেশনের কার্যক্রম শুরু করেছে।
আরও পড়ুন:
বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান
জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, ঘটনা কী
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কার্যক্রমের অবসান ঘটে। এরপর ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে সরকার।
এমএমএফ