সৌদি আরবে আবারও সিনেমার উৎসব, কোরিয়ানদের জন্য বিশেষ আয়োজন
সৌদি আরবে আবারও সিনেমার উৎসব
কয়েক বছর ধরে সৌদি আরব বিশ্বের সিনেমাপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। সারা বছর ধরে দেশটিতে নানা ধরনের সিনেমাকেন্দ্রিক আয়োজন অনুষ্ঠিত হয়। এর মধ্যে অন্যতম হলো সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। ২০০৮ সালে যাত্রা শুরু করে এটি।
সেই তখন থেকেই সৌদি ও উপসাগরীয় অঞ্চলের সিনেমার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উৎসবটি।
সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৩ থেকে ২৯ এপ্রিল দাহরান শহরের ইথরাতে অনুষ্ঠিত হবে উৎসবের ১২তম আসর। এবারের থিম ধরা হয়েছে ‘সিনেমা অব দ্য জার্নি’। এর অর্থ প্রতিটি প্রদর্শিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা ভ্রমণ বা যাত্রার গল্পকে কেন্দ্র করে সাজানো হবে।
গত বছরের মতো এবারও উৎসবে থাকবে স্পটলাইট অন সিনেমা। এই বিশেষ আয়োজনের মাধ্যমে এবার কোরিয়ান সিনেমার নান্দনিকতা, নির্মাণশৈলী এবং সিনেমাটিক বৈশিষ্ট্য নিয়ে প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এর আগে উৎসবে বিশেষভাবে জাপানিজ সিনেমাকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল।
সৌদি চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমেদ আল মুল্লা বলেন, ‘আমাদের আয়োজনের মূল কেন্দ্র চলচ্চিত্র নির্মাতারা। এ বছরও আমরা নির্মাতাদের আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত। আলোচনা, ধারণা বিনিময় এবং শেখার পরিবেশ সবই থাকবে।’
ডেপুটি ডিরেক্টর তারিক আল খাওয়াজি বলেন, ‘উৎসবটি আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে এবং স্থানীয় প্রতিভাদের বিকাশে বড় ভূমিকা রাখছে।’
সপ্তাহব্যাপী চলবে উৎসবের মূল আয়োজন। এতে প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি স্ক্রিনিং এবং চিত্রনাট্য নিয়ে বিশেষ ওয়ার্কশপ। নতুন নির্মাতাদের জন্য থাকবে প্রজেক্ট মার্কেট ও ইন্ডাস্ট্রি প্রোগ্রাম, যা তাদের কাজ বিশ্বমানের পর্যায়ে তুলে ধরতে সাহায্য করবে।
সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল কেবল একটি প্রদর্শনী নয়, এটি আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার এবং নতুন প্রতিভাদের সুযোগ দেয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
এলআইএ