ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

ঢালিউড অভিনেতা আরিফিন শুভ অভিনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তির পর থেকেই নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবার ছবিটি ঘিরে ছড়িয়ে পড়া পারিশ্রমিক ও প্লট সংক্রান্ত গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিফিন শুভ জানান, সিনেমাটিতে অভিনয়ের জন্য তিনি প্রতীকীভাবে মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। তবে এর পাশাপাশি পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট উপহার হিসেবে পেয়েছেন-এমন যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।

শুভ বলেন, ‘আমাকে কোনো জমি দেওয়া হয়নি। আমি শুধু আবেদন করেছিলাম, যা আরও ১৫১ জন শিল্পী করেছিলেন। ১ টাকা নিয়েছিলাম বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রতি আবেগ থেকে। আর আবেদনটি ছিল ভবিষ্যতের নিরাপত্তার জন্য। তবে সেই জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি, আমি সেখানে যাইনি।’

তার এই বক্তব্যে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটেছে বলে মনে করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা চলছিল।

অভিনেতা আরও জানান, তিনি মূলত একজন শিল্পী হিসেবে কাজ করেছেন এবং কোনো রাজনৈতিক পরিচয়ের সঙ্গে নিজেকে যুক্ত করেন না। তার মতে, শুধুমাত্র একটি সিনেমায় অভিনয়ের কারণে তাকে ঘিরে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা হয়েছে।

এছাড়া সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবনেও কঠিন সময় পার করছেন এই অভিনেতা। ২০২৪ সালকে নিজের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং বছর হিসেবে উল্লেখ করে তিনি জানান, একই বছরে তিনি তার মাকে হারান এবং বৈবাহিক সম্পর্কেরও সমাপ্তি ঘটে।

আরও পড়ুন:
সংকটাপন্ন অবস্থায় নায়িকা মৌসুমীর মা, দোয়া চাইলেন ওমর সানী 
সুখবর দিলেন কনকচাঁপা 

মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শুভ। তিনি জানান, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত তার মা দীর্ঘদিন সংগ্রাম করে তাদের বড় করেছেন। মায়ের কাছ থেকেই তিনি জীবনের লড়াই করার মানসিকতা পেয়েছেন বলেও উল্লেখ করেন।

এদিকে ক্যারিয়ারের নতুন অধ্যায়ে মুম্বাইভিত্তিক প্রজেক্ট ‘জ্যাজ সিটি’-তে কাজ করছেন আরিফিন শুভ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতার মিউজিক্যাল সংস্কৃতি নিয়ে নির্মিত এই প্রজেক্ট নিয়ে তিনি আশাবাদী বলেও জানান এই অভিনেতা।

এমএমএফ

আরও পড়ুন