ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

‘এফডিসিটা কেমন যেন হয়ে গেছে’, যে কারণে আক্ষেপ করলেন নায়িকা মুনমুন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্রের এক সময়ের আলোচিত নায়িকা মুনমুন। নব্বইয়ের দশকের শেষ দিকে যখন চলচ্চিত্রে খোলামেলা উপস্থাপনা ও অশ্লীলতার অভিযোগ ঘিরে নানা আলোচনা চলছিল, তখন সাহসী চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি। পরবর্তীতে সমালোচনা ও পরিবর্তিত পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই চলচ্চিত্র থেকে সরে দাঁড়ান।

তবে বড় পর্দা থেকে দূরে থাকলেও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মত প্রকাশ করে যাচ্ছেন এই অভিনেত্রী।

গতকাল (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পোস্টের সঙ্গে একটি ইফতার অনুষ্ঠানের ছবি শেয়ার করেন। সেখানে তার সঙ্গে ছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং হল মালিক ও প্রযোজক মোসাদ্দেক হোসেন বর্ষা। সঙ্গে তিনি লিখেছেন, ‘একটা সময় ছিল যখন এফডিসিটা একটা পরিবারের মত ছিল। যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই যোগ দিতাম এবং একজনের সাথে আরেকজনের দেখা হতো কুশল বিনিময় হতো কারো বিপদ হলে সবাই ছুটে যেতাম এটাই ছিল তখনকার একতা এবং ভালোবাসা।’

আক্ষেপ নিয়ে মুনমুন বলেন, ‘এখন এফডিসিটা কেমন যেন হয়ে গেছে। শিল্পী নাই। পরিচালকরা কাজ পাচ্ছে না। অনেকেই মৃত্যুবরণ করেছেন। আসলে এফডিসির এমন ভিন্নরূপ দেখবো কখনো আমি কল্পনাও করিনি ।’

১৯৯৭ সালে গুণী নির্মাতা এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মুনমুনের। এরপর প্রায় ৮৫টির মতো সিনেমায় অভিনয় করেন তিনি।

ঢাকাই চলচ্চিত্রে একসময় তার জুটি ছিল জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে। দু’জনকে একসঙ্গে প্রায় ১৪টি সিনেমায় দেখা গেছে। সে সময় দর্শকমহলে ভালো সাড়া ফেলেছিল এই জুটি।

সবশেষ ‘রাগী’ সিনেমায় অভিনয়ের পর বড় পর্দায় খুব একটা দেখা যায়নি মুনমুনকে।

 

এমআই/এলআইএ