জোভান-কেয়ার ‘হ্যাপি ডিভোর্স’
‘হ্যাপি ডিভোর্স’ নাটকের শিল্পীরা
রোজার ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে নতুন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি পরিচালনা করেছেন তপু খান। টিউন তেহরিনের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ। নাটকটিে জুটি হয়ে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।
এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌকে।
‘হ্যাপি ডিভোর্স’-এর গল্প আবর্তিত হয়েছে এক দম্পতির সন্তান নেওয়াকে কেন্দ্র করে। স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে জোভান ও কেয়া পায়েলকে। তাদের সংসার ঘিরে রয়েছে দুই পরিবারের চাপ, প্রত্যাশা ও আবেগ। জোভানের বাবা-মা নাতি-নাতনির মুখ দেখতে উদগ্রীব। অন্যদিকে কেয়ার পরিবারও বিষয়টি নিয়ে ভিন্নমাত্রার ভাবনা যোগ করে।
হাস্যরস, পারিবারিক টানাপোড়েন এবং সমকালীন বাস্তবতার মিশেলে এগিয়েছে নাটকের কাহিনি।
নির্মাতা সূত্রে জানা গেছে, গত সপ্তাহেই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদ উপলক্ষে এটি ইউটিউবে মুক্তি পাবে।
জোভান নাটকটি নিয়ে বলেন, ‘আমি ও পায়েল এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। সন্তান নেওয়া নিয়ে পরিবার থেকে যে চাপ তৈরি হয়, সেটিই মূল বিষয়। হাস্যরসের মধ্য দিয়ে বাস্তবতার গল্প তুলে ধরা হয়েছে। দর্শকদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক।’
কেয়া পায়েলের ভাষ্য, ‘ঈদের নাটক হিসেবে এটি দর্শকের জন্য উপভোগ্য হবে। গল্পের ভাবনাটা ব্যতিক্রম। সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।’
রোজী সিদ্দিকী মনে করেন, নির্মাতা তপু খান যথেষ্ট যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। সমাপ্তি মাসুক বলেন, বহু চরিত্রের সমন্বয়ে এমন গল্প এখন কম দেখা যায়। আর তাহমিনা সুলতানা মৌ জানান, দীর্ঘদিন পর সবার সঙ্গে কাজ করে তার ভালো লেগেছে।
পারিবারিক গল্প, হাস্যরস আর সমকালীন বার্তার সমন্বয়ে ‘হ্যাপি ডিভোর্স’ ঈদের দর্শকদের জন্য ভিন্ন স্বাদের নাটক হতে যাচ্ছে বলে আশা সংশ্লিষ্টদের।
এলআইএ