ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

জেন-জির জেমস বন্ড কে হবেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২:২৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বখ্যাত স্পাই ফ্র্যাঞ্চাইজি জেমস বন্ড। সর্বশেষ চরিত্রটিতে ড্যানিয়েল ক্রেগকে দেখা গেছে অভিনয় করতে। এরপর বেশ লম্বা বিরতি চলছে। পর্দায় আর হাজির হননি বন্ড। কিন্তু আলোচনা সবসময়ের মতোই চলমান চরিত্রটি নিয়ে। নানা যুগ পেরিয়ে জেন-জি প্রজন্মের দর্শকের সামনে নতুন জেমস বন্ড হয়ে কে আসবেন সে নিয়ে কৌতুহলের যেন শেষ নেই।

দীর্ঘ অপেক্ষার পর নতুন করে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন জ্যাকব এলর্ডি। ‘ইউফোরিয়া’ খ্যাত এই তরুণ অভিনেতা সাম্প্রতিক কাজ দিয়ে সমালোচক ও দর্শক দুই মহলেই প্রশংসিত।

আন্তর্জাতিক গণমাধ্যম ও গসিপ প্ল্যাটফর্ম ডিউক্সমই’র তথ্য অনুযায়ী, এমজিএম স্টুডিওস নাকি সরাসরি ‘ডাবল ও সেভেন’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছে এলর্ডিকে।

আরও শোনা যাচ্ছে, সিরিজের ২৬তম কিস্তিটি পরিচালনা করতে পারেন ডেনিস ভিলেনিউভ। যিনি ‘ডিউন’ ও ‘ব্লেড রানার টু থাউজ্যান্ড ফোর্টি নাইন’-এর নির্মাতা। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

এলর্ডি প্রস্তাব গ্রহণ করলে তিনিই হবেন ইতিহাসের অন্যতম কনিষ্ঠ বন্ড। সাধারণত ব্রিটিশ ও তুলনামূলকভাবে পরিণত বয়সী অভিনেতাদেরই এ চরিত্রে দেখা গেছে। তাই ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় এই অভিনেতার নাম উঠে আসা ইঙ্গিত দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি হয়তো এবার ‘জেন-জি’ দর্শকদের লক্ষ্য করেই নতুন ভাবনায় এগোচ্ছে।

এর আগে ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে ইদ্রিস এলবা, অ্যারন টেলর-জনসন, টম হল্যান্ড, হ্যারিস ডিকিনসন ও ক্যালাম টার্নার–এর নাম শোনা গিয়েছিল। তবে এলর্ডির সম্ভাব্য অন্তর্ভুক্তি পুরো সমীকরণ বদলে দিতে পারে।

‘সল্টবার্ন’ ও ‘প্রিসিলা’-এ তার অভিনয় ব্যক্তিত্ব, আভিজাত্য ও গভীরতার পরিচয় দিয়েছে। এটি একজন আধুনিক গুপ্তচরের চরিত্রে মানানসই বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এখন দেখার বিষয়, এলর্ডির হাতেই কি উঠবে বিখ্যাত মার্তিনির গ্লাস!

 

এলআইএ