ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ইফতারে আজও বাবার শেখানো স্টাইলে মুড়ি মাখান আরশ খান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ছোট পর্দার তরুণ অভিনেতা আরশ খান। অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকদের উপহার দিয়েছেন একাধিক নাটক। অভিনয়ের জন্য কুড়িয়েছেন প্রশংসাও। তবে রমজান মাস এলেই আরশ খান যেন ফিরে যান শৈশব-কৈশোরের দিনগুলোতে।

আরশ জানান, ছোটবেলায় রোজা রাখার সবচেয়ে বড় আকর্ষণ ছিল ইফতার। বিশেষ করে বাড়িতে বানানো খাঁটি গুড়ের শরবত ছিল তার ভীষণ প্রিয়। তিনি বলেন, ‘সারা দিন রোজা রাখার কষ্ট বা ভয় থাকলেও, ইফতারের সেই শরবতের লোভেই রোজা রাখতে আগ্রহী হয়ে উঠতাম। কেননা গুড়ের শরবতটা ছিল যারা রোজা রাখতো তাদের জন্য।’

বর্তমানে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন আরশ খান। তিনি জানান, অনেক সময় ইফতারের মাত্র ১০ মিনিট আগে বিরতি পান। ব্যস্ততার মাঝেও রমজানের আবহ যেন তাকে অন্যরকম এক প্রশান্তি দেয়।


মা অভিনেত্রী নীলা ইসলামের সঙ্গে

তবে সবচেয়ে মজার বিষয়টি হলো, শৈশবে বাবার কাছ থেকে শেখা পুরান ঢাকার বিশেষ একটি স্টাইলে মুড়ি মাখানোর অভ্যাস এখনও ধরে রেখেছেন আরশ খান। তার ভাষায়, বাবার হাত ধরে শেখা সেই বিশেষ কায়দা-মুড়ির সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল আর মসলার মিশেলে আজও ইফতারের টেবিলে তিনি নিজেই তৈরি করেন। শুধু তাই নয়, শুটিং সেটেও সুযোগ পেলেই সহকর্মীদের জন্য মুড়ি মেখে দেন তিনি।

অভিনেত্রী নীলা ইসলামের ছেলে আরশ খান ২০২১ শোবিজে পা রাখলেও তার অভিনয়ে হাতেখড়ি হয় ২০০৫ সালে থিয়েটার দিয়ে। মায়ের সুবাদেই থিয়েটারে এসেছিলেন তিনি। গেল কয়েক বছরের ক্যারিয়ারে ৭০-৮০টি নাটকে অভিনয় করেছেন আরশ খান। বেশকিছু নাটক জনপ্রিয়তাও পেয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য ‘জটিল প্রেম’, ‘লাভ টর্চার’, ‘রাখাল বালিকা’, ‘হেডফোন’।

 

এমআই/এলআইএ