অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুললেন তানজিন তিশা
তানজিন তিশা। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জে একটি ঈদের নাটকের শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। অভিযোগটি ফেসবুক লাইভে এনে প্রকাশ্যে আনেন অভিনেত্রী সামিয়া অথৈ।
লাইভে অথৈ দাবি করেন, একটি চড়ের দৃশ্য ধারণের সময় তানজিন তিশা তাকে বাস্তবেই আঘাত করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এবার অভিযোগের জবাব দিলেন তিশা। তার দাবি, ঘটনাটি ব্যক্তিগত আক্রমণ নয়; বরং পুরো বিষয়টি ঘটেছে চরিত্রের প্রয়োজনে এবং চিত্রনাট্যের নির্দেশনা অনুযায়ী।
তিশা বলেন, “আমি টানা শুটিং করছিলাম। দৃশ্যটি শেষ না করে কাজ ফেলে দিতে চাইনি। অথচ যে লাইভটি করা হয়েছে, তাতে পুরো ইউনিটই বিব্রত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি শুধু আমার চরিত্রটি পালন করেছি। নাটকে আমি বিশেষ চাহিদাসম্পন্ন একটি চরিত্রে অভিনয় করছি। চরিত্রের আচরণ অনুযায়ী কিছু আগ্রাসী দৃশ্য রয়েছে। আমি স্ক্রিপ্টে যতটুকু ছিল, ততটুকুই করেছি। ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করার প্রশ্নই আসে না।”
তিশার ভাষ্য, পেশাগত বিষয়টিকে ব্যক্তিগতভাবে নেওয়াতেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। নাটকটি প্রচার হলে দর্শক পুরো প্রেক্ষাপট বুঝতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনাটি নিয়ে এখন শোবিজ অঙ্গনে চলছে জোর আলোচনা। সংশ্লিষ্টদের আশা, নাটকটি প্রচারের পর বিতর্কের অবসান ঘটবে।
এমএমএফ