আলো ঝলমলে নিউইয়র্কে গোপন প্রতারণার গল্পে অধরা-ইমন ও এমদাদ
ইমন
প্রবাস জীবনের প্রতারণা, বন্ধুত্ব এবং টিকে থাকার সংগ্রামকে ঘিরে নির্মিত হয়েছে নতুন টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। যুক্তরাষ্ট্রপ্রবাসী নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এই টেলিছবিতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার নায়িকা অধরা খান, অভিনেতা মামনুন হাসান ইমন এবং এমদাদ এইচ ভূঁইয়া।
গল্পটি আবর্তিত হয়েছে নিউইয়র্কে বসবাসরত এক যুবকের জীবনকে ঘিরে। দেশ থেকে স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর তার জীবনে নেমে আসে ভয়াবহ প্রতারণা। আলো ঝলমলে শহরে এসে সেই স্ত্রী তার স্বামীর সঙ্গে একের পর এক প্রতারণা করে। অন্যদিকে গল্পের আরেক অংশে দেখা যায়, একজন বন্ধু নতুন আসা আরেক প্রবাসী বন্ধুকে সহায়তা করছেন। ব্যবসা শেখাচ্ছেন। কঠিন এই মহানগরে কীভাবে টিকে থাকতে হয় সেই বাস্তব অভিজ্ঞতা তুলে ধরছেন।
প্রবাস জীবনে কখন কার কাছ থেকে প্রতারণা বা কৃতজ্ঞতা আসবে, তা বলা কঠিন- এমন এক বাস্তবতা নিয়েই টেলিছবির গল্প এগিয়েছে। কখনো খুব কাছের মানুষই হয়ে ওঠে ভয়ংকর প্রতারক বা আততায়ী। এই জটিল মানবিক সম্পর্কগুলোকেই পর্দায় তুলে ধরেছেন নির্মাতা।
টেলিছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন এমদাদ এইচ ভূঁইয়া। আর নায়িকা অধরা খানকে দেখা যাবে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে।
অভিনয় প্রসঙ্গে এমদাদ এইচ ভূঁইয়া বলেন, ‘মানুষের জীবনে কিছু ঘটনা এমন দাগ রেখে যায়, যেগুলো চোখ বন্ধ করলেই আবার ভেসে ওঠে। এই টেলিছবির গল্পও তেমনই বাস্তব। তাই ক্যামেরার সামনে অভিনয় করছি এমনটা মনে হয়নি। মনে হয়েছে আমি যেন সেই বাস্তব ঘটনাগুলোই অনুভব করছি।’
টেলিছবিটির ট্যাগলাইন ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। পুরো শুটিং সম্পন্ন হয়েছে নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে।
উল্লেখ্য, এমদাদ এইচ ভূঁইয়া রাজু দীর্ঘ দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে সফলভাবে ব্যবসা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান তিনি, বেড়ে ওঠা সিলেটে। পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
তিনি জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’।
এলআইএ