ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

স্ত্রী অর্ষার যেসব গুণে মুগ্ধ অভিনেতা নূর ইমরান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:০২ পিএম, ১০ মার্চ ২০২৬

অভিনয়ে নিজের দক্ষতা প্রমাণ করে ২০২৩ সালের পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। তবে অভিনয়ের বাইরেও তার রয়েছে নানা সৃজনশীল প্রতিভা। ছবি তোলা, ছবি আঁকা ও সেলাইয়ের মতো কাজে নান্দনিক দক্ষতা দেখিয়েছেন তিনি।

আর এসব প্রতিভাই মুগ্ধ করেছে তার স্বামী অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে।

ইমরানের ইচ্ছা, একদিন অর্ষা তার নিজের তোলা ছবিগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ ফটোগ্রাফি প্রদর্শনী আয়োজন করবেন। অর্ষার মতে, সম্প্রতি তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতি পেলেও খুব শিগগিরই ইমরানও বড় কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক সম্মাননা অর্জন করবেন।

অভিনেতা নূর ইমরানকে নির্মাতারা সাধারণত ভিন্নধর্মী চরিত্রে কাস্ট করতে পছন্দ করেন। তবে তার নিজের ইচ্ছা, নাচ-গান সমৃদ্ধ বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রেও অভিনয় করার।

জানা গেছে, অর্ষাকে সামনে সময়ের বেশ কিছু প্রতীক্ষিত চলচ্চিত্রে শক্তিশালী চরিত্রে দেখা যাবে। এর মধ্যে রয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’।

মজার বিষয় হলো, এই দম্পতির ক্যারিয়ারের শুরুতেও রয়েছে এক কাকতালীয় মিল। ২০০৯ সালে রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন নূর ইমরান। একই বছর ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ স্থান অর্জন করেন নাজিয়া হক অর্ষা।

এই দুই অভিনয়শিল্পীর পরিচয়, প্রেম এবং বিয়ের গল্প প্রথমবারের মতো উঠে আসবে মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজন ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে।

রুম্মান রশীদ খান ও ইয়াসমিন লাবণ্যের সঞ্চালনায় অনুষ্ঠানটির বিশেষ পর্বটি প্রচারিত হবে আসন্ন ঈদের তৃতীয় দিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল।

 

এলআইএ