আবার দেখা যাবে বেশি কথার বুলবুলিকে
তানজিম সাইয়ারা তটিনী
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আবারও ফিরছেন আলোচিত চরিত্র ‘বুলবুলি’ হয়ে। গত বছরের দর্শকপ্রিয় নাটক ‘বেশি বলে বুলবুলি’-র ধারাবাহিকতায় এবার নির্মিত হয়েছে এর দ্বিতীয় পর্ব ‘বেশি বলে বুলবুলি ২’। এটি আসন্ন ঈদ উৎসব উপলক্ষে প্রকাশ পাবে।
প্রথম পর্বে বুলবুলি চরিত্রটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। বুলবুলির অতিরিক্ত কথা বলার স্বভাবের কারণে পদে পদে নানা ঝামেলার সৃষ্টি হয়। নিজের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে গেলেও সেই স্বভাবের পরিবর্তন হয়নি। বরং তার অতিকথনে অতিষ্ঠ হয়ে ওঠে শ্বশুরবাড়ির সবাই। তটিনীর প্রাণবন্ত অভিনয়ে চরিত্রটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়।
নাটকটিতে তটিনীর বিপরীতে দেখা যাবে তৌসিফকে
নতুন পর্বেও সেই বুলবুলির গল্পই এগিয়ে যাবে আরও একধাপ। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা রুবেল হাসান। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। এতে তটিনীর বিপরীতে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।
নির্মাতা রুবেল হাসান জানান, প্রথম পর্বে বুলবুলির অতিরিক্ত কথায় শ্বশুরবাড়ির সদস্যরা বিরক্ত হয়ে উঠেছিলেন। এবার সেই ‘বুলবুলি স্বভাব’ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে। পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে স্বামীর অফিস পর্যন্ত তার কথার প্রভাব পড়বে, যার কারণে তাদের সংসারে নেমে আসবে নতুন কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। তবে এবারের পর্বটিও দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে বলে আশাবাদী তিনি।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন ঈদে সিএমভি’র বিশেষ আয়োজনের অন্যতম নাটক হিসেবে থাকছে ‘বেশি বলে বুলবুলি ২’। ঈদ সপ্তাহের যেকোনো দিন এটি প্রকাশ পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
এলআইএ