যে কারণে সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বললেন অপু বিশ্বাস
অপু বিশ্বাস
চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি দেশের চলচ্চিত্র শিল্পকে সরাসরি ডাস্টবিনের সঙ্গে তুলনা করেছেন। তার মন্তব্যটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অপু বিশ্বাস বলেন, ২০১৬ সালের পর থেকে চলচ্চিত্র অঙ্গনে নোংরামির প্রবণতা বেড়ে গেছে এবং ধীরে ধীরে এটি পুরো শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে।
তার ভাষায়, ‘একসময় পূর্ণাঙ্গ চলচ্চিত্র দিয়েই শিল্পীরা দর্শকের ভালোবাসা পেতেন। কিন্তু এখন চলচ্চিত্র শিল্প অনেকটা ডাস্টবিনে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, বলিউড, হলিউড বা টালিউডে মতভেদ থাকলেও সেখানে সবাইকে নিয়ে কাজ করার পরিবেশ রয়েছে। কিন্তু দেশের চলচ্চিত্র অঙ্গনে সেই পরিবেশ নেই। ২০০৭ সালে যখন তিনি চলচ্চিত্রে প্রবেশ করেছিলেন, তখন প্রতিযোগিতা কাজের মাধ্যমে হতো। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের প্রতিযোগিতা তৈরি হয়।
অপু বিশ্বাস জানালেন, দীর্ঘদিন কাজ করে পরিচিতি পাওয়া শিল্পীকে সম্মান করা উচিত, কিন্তু অনেক সময় ব্যক্তিগত বিষয় নেতিবাচকভাবে সামনে আসে। ফলে চলচ্চিত্রের পরিবেশ নড়বড়ে হয়ে যায়। এই বাস্তবতা থেকেই তিনি ‘ডাস্টবিন’ শব্দটি ব্যবহার করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে কিছুটা দূরে রাখার কারণেও তিনি জানান, বিভিন্ন সময় তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়। তবে এসব সমালোচনা বা বিদ্রূপ তার ব্যক্তিজীবনে প্রভাব ফেলে না।
অপুর অভিনয় জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে। তিনি বিরতির পর দু’টি নতুন সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তার মধ্যে একটি হলো ‘দুর্বার’, পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। ছবিতে অপুর বিপরীতে রয়েছেন আবদুন নূর সজল। অন্যটি হলো ‘সিক্রেট’। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে অপুর নায়ক আদর আজাদ।
এলআইএ