ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

জেমসের কনসার্ট টিকিট কেটে দেখতেন প্রাক্তন স্ত্রী রথী

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:২০ পিএম, ১৩ মার্চ ২০২৬

নগরবাউল জেমস ১৯৯১ সালে বিয়ে করেছিলেন সে সময়ের জনপ্রিয় মডেল রথী’কে। যদিও ১৯৮৯ সালে ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হবার আগেই বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। প্রয়াত সুভাষ দত্ত পরিচালিত ‘আগমন’ চলচ্চিত্রে নায়ক রাজ্জাক, সুচন্দা, ববিতা, হানিফ সংকেতদের মত তারকাদের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

পরবর্তীতে স্বামী জেমসের অনুমতি নিয়ে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার মাধ্যমে চিত্রনায়ক আমিন খানেরও অভিষেক হয়। রথী’র নাম বদলে মোহাম্মদ হোসেন সে সময় তার নতুন নাম দিয়েছিলেন ‘চাঁদনী’। যদিও পরবর্তীতে সংসারের কারণেই সিনেমা এবং বিনোদন জগত থেকে বিদায় নিয়ে আবারো ‘রথী’ নামেই ফিরে এসেছিলেন তিনি।

জেমস ও রথীর এক যুগের সংসার ভেঙে গেছে ২০০৩ সালে। এই দীর্ঘ সময়ে সংসারের অনেক টক-ঝাল-মিষ্টি গল্প সম্প্রতি রথী জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘রাঙা সকাল’-এ।

রথী বলেন, তখন আমার বয়স কম ছিল, ছেলে মানুষী আচরণ বেশি ছিল। জেমস আমাকে সময় না দিলে অভিমান করে ওর গিটারের টুলবক্সের চাবি চুরি করতাম। কনসার্টে গিয়ে ও চাবি খুঁজে পেতো না সে সময় আমি ভীষণ মজা পেতাম। অন্য সবার মত আমিও জেমসের গানের মহাভক্ত ছিলাম। তবে ও আমাকে সবসময় কনসার্টে নিয়ে যেতো না। সেজন্য আমি নিজেই টিকেট কেটে সাধারণ দর্শকদের মত স্বামীর কনসার্ট উপভোগ করতে যেতাম।

জেমসের কনসার্ট টিকিট কেটে দেখতেন প্রাক্তন স্ত্রী রথী

বর্তমানে অভিনয় না করলেও উদ্যোক্তা পরিচয়ে বেশ সুপরিচিত হয়ে উঠেছেন কানিজ রাবেয়া রথী। জীবনের নানা অধ্যায়ের চমকপ্রদ এই গল্পগুলো তার কাছ থেকে শুনেছেন সঞ্চালক রুম্মান রশীদ খান ও ইয়াসমিন লাবণ্য।

আসছে ঈদের ৭ম দিন সকাল ৭টা থেকে ৮টায় প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল।

এমআই/জেআইএম