ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

সেরা গানের অস্কার জিতলো কেপপ ডেমন হান্টার্সের ‘গোল্ডেন’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৬ মার্চ ২০২৬

এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে জনপ্রিয় গান ‘গোল্ডেন’। গানটি ব্যবহার করা হয়েছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘কেপপ ডেমন হান্টার্স’-এ। প্রত্যাশা অনুযায়ী অস্কারের মঞ্চে বিজয়ী হিসেবে ঘোষিত হয় এই গানটির নাম।

গানটির অন্যতম লেখক ও পরিবেশক ইজে অস্কারের মঞ্চে পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘এই সম্মান শুধু সাফল্যের গল্প নয়, বরং সংগ্রাম ও দৃঢ়তার প্রতীক।’

তার ভাষায়, ‘এই পুরস্কার কেবল সাফল্যের জন্য নয়, এটি আমাদের ধৈর্য ও লড়াইয়ের স্বীকৃতিও।’

অস্কার জয়ের আনন্দঘন মুহূর্তে ইজে ধন্যবাদ জানান চলচ্চিত্রটির নির্মাতা দলের সদস্যদেরও। বিশেষভাবে তিনি কৃতজ্ঞতা জানান কানাডীয় নির্মাতা ম্যাগি কাংকে। তিনি সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এবং সহ-পরিচালনার দায়িত্বও পালন করেছেন।

‘গোল্ডেন’ গানের এই জয় শুধু একটি ব্যক্তিগত অর্জন নয় বরং আন্তর্জাতিক অঙ্গনে কেপপ সংগীতের জন্যও বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অস্কারের মতো মর্যাদাপূর্ণ আসরে কেপপ ঘরানার একটি গান সেরা মৌলিক গানের পুরস্কার পাওয়ায় বিশ্বজুড়ে কেপপ ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ‘কেপপ ডেমন হান্টার্স’ চলচ্চিত্রটি এবারের অস্কারে একাধিক সাফল্য অর্জন করেছে। এর আগে সিনেমাটি সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগেও অস্কার জিতে নেয়। ফলে একই আসরে দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে সিনেমাটি নতুন ইতিহাস গড়েছে।

বিশ্লেষকদের মতে, অস্কারের মঞ্চে ‘গোল্ডেন’ গানের জয় কেপপ সংগীতের বৈশ্বিক জনপ্রিয়তার আরেকটি প্রমাণ। সাম্প্রতিক বছরগুলোতে কোরিয়ান পপ সংগীত আন্তর্জাতিক অঙ্গনে যে শক্ত অবস্থান তৈরি করেছে এই অর্জন তারই ধারাবাহিকতা।

 

এলআইএ