রণবীরের ‘ধুরন্ধর’ ছাড়িয়ে গেল শাকিবের ‘প্রিন্স’
রণবীরের ‘ধুরন্ধর’ ছাড়িয়ে ট্রেন্ডিংয়ের শীর্ষে শাকিবের ‘প্রিন্স’
ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর প্রচারণায় এখন তুমুল প্রতিযোগিতা। সেই দৌড়ে ইউটিউব ট্রেন্ডিং তালিকায় চমক দেখিয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’। বলিউড তারকা রণবীর সিংয়ের নতুন সিনেমার ট্রেলারকে পেছনে ফেলে ইউটিউবের ট্রেন্ডিং মুভি তালিকায় শীর্ষে উঠেছে ছবিটির টিজার।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশ পায় শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার টিজার। এক মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারটিকে নির্মাতারা বলছেন ‘প্রি-ব্লাস্ট’। দর্শকদের কাছ থেকেও মিলছে ব্যাপক সাড়া।
পরিচালক আবু হায়াত মাহমুদের নির্মাণে টিজারে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিব খানকে। লম্বা চুল, সানগ্লাস আর অ্যাকশনধর্মী উপস্থিতিতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক ভিন্ন চিত্র ফুটে উঠেছে সেখানে। টিজারে প্রতিপক্ষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও সংঘাতে জড়াতে দেখা যায় ‘প্রিন্স’ চরিত্রের শাকিব খানকে।
শুধু ‘প্রিন্স’ নয়, ইউটিউব ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছে আরও কয়েকটি আলোচিত সিনেমা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমার ট্রেলার। শনিবার (১৪ মার্চ) রাতে প্রকাশিত ট্রেলারটি ইতোমধ্যে ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়।
এদিকে ট্রেন্ডিং তালিকার তৃতীয় স্থানে রয়েছে রণবীর সিং অভিনীত বলিউড সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার। চতুর্থ স্থানে রয়েছে ভারতের আরেক সিনেমা ‘টক্সিক’। তালিকার পঞ্চম স্থানে রয়েছে তানিম নূর পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলার।
হইচই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারটিও দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। একদিনেই এটি প্রায় চার লাখ বার দেখা হয়েছে।
ইউটিউব ট্রেন্ডিং তালিকায় ‘প্রিন্স’, ‘রাক্ষস’ ও ‘বনলতা এক্সপ্রেস’- এই তিনটি বাংলাদেশি সিনেমার অবস্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এসব সিনেমা শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা সাফল্য পায়, সেটাই এখন দেখার বিষয়।
এলআইএ