ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

নিউইয়র্কে বসে ঈদের আড্ডা, দেখাবে আরটিভি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৯ মার্চ ২০২৬

প্রবাসের মাটিতে বাংলা ভাষা ও সংস্কৃতির ছোঁয়ায় জমে উঠেছে ঈদের বিশেষ আয়োজন। কবিতা, আবৃত্তি আর প্রাণবন্ত আড্ডায় সাজানো ‘ঈদ আনন্দ আড্ডা’ এবার প্রচারিত হবে আরটিভিতে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আনন্দ আড্ডা’ নিয়ে হাজির হচ্ছে চ্যানেলটি। জনপ্রিয় কবি কাজী জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আরটিভির স্টুডিওতে।

শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ইফতার ও তারাবির পর গভীর রাতে রেকর্ডিংয়ে অংশ নেন শিল্পী ও কলাকুশলীরা। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসাই তাদের এই পরিশ্রমের মূল প্রেরণা।

অনুষ্ঠানটির মূল আকর্ষণ বাংলা কবিতা। এতে আবৃত্তি করেছেন আহসান হাবিব, হোসেন শাহরিয়ার তৈমুর, দুররে মাকনুন নবনী এবং ফাতেমা শাহাব রূমা। একক পরিবেশনার পাশাপাশি ছিল যুগল আবৃত্তিও।

কবিতা পাঠের ফাঁকে ফাঁকে জমে ওঠে দেশের ও প্রবাসের ঈদকে ঘিরে নানা স্মৃতিচারণা ও প্রাণবন্ত আড্ডা। পুরো অনুষ্ঠানজুড়ে উপস্থিত থেকে মান পর্যবেক্ষণ করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

অনুষ্ঠানটি নিয়ে নিজের ভেরিফায়েড সামাজিক মাধ্যমে কাজী জহিরুল ইসলাম জানান, রেকর্ডিং শেষে সবার মুখে তৃপ্তির হাসি দেখেই তার সবচেয়ে ভালো লেগেছে। তিনি বলেন, প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতির শেকড় বিস্তৃত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, ২০০৯ সালে কাজী জহিরুল ইসলামের লেখা গল্প অবলম্বনে আরটিভিতে ঈদের বিশেষ নাটকও প্রচারিত হয়েছিল, যা পরিচালনা করেছিলেন রেদওয়ান রনি।

 

এলআইএ