ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ঈদে ৫ সিনেমার লড়াই, হিট হবে কোনটি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪১ পিএম, ২০ মার্চ ২০২৬

এই রোজার ঈদে প্রেক্ষাগৃহে প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ সাজাচ্ছে পাঁচটি বড় সিনেমা। সেগুলো হলো ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। এই দৌড় থেকে ছিটকে পড়েছে ‘পিনিক’। সিঙ্গেল স্ক্রিন হোক বা সিনেপ্লেক্স, ঈদের প্রতিযোগিতার মাঠে আপাতত লড়াই তাই এই ৫ সিনেমারই-

এই পাঁচ সিনেমার মধ্যে তিনটি প্রাপ্তবয়স্কদের জন্য (‘এ’ গ্রেড) এবং দুটি সব বয়সী দর্শকের জন্য (‘ইউ’ গ্রেড)। প্রাপ্তবয়স্কদের সিনেমা হলো ‘প্রিন্স’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস’। সব বয়সীর জন্য ছাড়পত্র পাওয়া সিনেমা হলো ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’।

সিনেপ্লেক্সে প্রতিযোগিতা হবে তুমুল। প্রথম সপ্তাহে লড়াই হতে পারে শাকিব খানের ‘প্রিন্স’, আফরান নিশোর ‘দম’ ও মোশাররফ-চঞ্চল-সাবিলাদের ‘বনলতা এক্সপ্রেস’-এর মধ্যে। অন্যদিকে চার নায়িকার ‘প্রেশার কুকার’ চমক দেখাতে পারে। দ্বিতীয় সপ্তাহে সিয়ামের ‘রাক্ষস’ সিঙ্গেল স্ক্রিনে চ্যালেঞ্জ দিতে পারে।

সিনেমাগুলোর সংক্ষিপ্ত পরিচিতি
প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা: পরিচালনা আবু হায়াত মাহমুদ, অভিনয় শাকিব খান। নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প।

বনলতা এক্সপ্রেস: পরিচালনা তানিম নূর, অভিনয় মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। ট্রেনভ্রমণের সময় যাত্রীদের জীবনে ঘটে যাওয়া মোড় এবং গল্প।

রাক্ষস: পরিচালনা মেহেদী হাসান হৃদয়, অভিনয় সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায়। পাগলাটে প্রেমের সঙ্গে ফ্যামিলি ড্রামা।

দম: পরিচালনা রেদওয়ান রনি, অভিনয় আফরান নিশো, চঞ্চল চৌধুরী। সত্য ঘটনা অবলম্বনে মধ্যপ্রাচ্যে অপহৃত একজন চরিত্রের গল্প, অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে মুক্তির খোঁজ।

প্রেশার কুকার: পরিচালনা রায়হান রাফী, অভিনয় শবনম বুবলী ও নাজিফা তুষি। ঢাকা শহরের চার নারীর অদৃশ্য লড়াই, সামাজিক দ্বন্দ্ব এবং চাপের গল্প।

তবে এটুকু না বললেই নয়, এবারের ঈদে সিনেমাগুলোর প্রচারের ধারা একেবারেই আলাদা। পোস্টার ও টিজার ছাড়া দেখা যায়নি তেমন বাড়তি কোনো আয়োজন। গানও দর্শকের মধ্যে বিশেষ সাড়া ফেলেনি।

 

এলআইএ