ট্রেলারেই ভয়ংকর চমক, ‘চক্র ২’ আসছে ২৬ মার্চ
‘চক্র ২’ সিরিজের পোস্টারে তৌসিফ ও বাঁধন
রহস্য, ভয় আর অজানা আতঙ্ক; সব মিলিয়ে আবারও দর্শককে শিহরিত করতে ফিরছে ‘চক্র ২’। ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে জানানো হয়েছে, ২৬ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিরিজ।
ঈদ উপলক্ষে মুক্তির তালিকায় থাকা ‘চক্র ২’ ইতোমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে। নির্মাতা ভিকি জাহেদের ৮ পর্বের এই সাইকোলজিক্যাল থ্রিলারটির পোস্টারের পর এবার ট্রেলারও বাড়িয়ে দিয়েছে উত্তেজনা।
সিরিজটির গল্প অনুপ্রাণিত ২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার ছায়ায়। সেখানে এক পরিবারের ৯ সদস্য ট্রেনের নিচে আত্মহত্যা করেন। সেই অমীমাংসিত রহস্যের সঙ্গে শেয়ার্ড হ্যালুসিনেশনের ধারণা মিলিয়ে তৈরি হয়েছে ‘চক্র’।
প্রথম সিজনের চমকপ্রদ সমাপ্তির পর দ্বিতীয় সিজন শুরু হচ্ছে ঠিক সেখান থেকেই। নতুন সিজনে উন্মোচিত হবে ‘আদম পরিবার’-এর পেছনের অন্ধকার গল্প। জানা যাবে কেন তারা এমন ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছিল।
আগের মতোই হুমায়ূন চরিত্রে ফিরছেন তৌসিফ মাহবুব। তিনি সতর্ক করে বলেছেন, এই সিরিজ দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য নয়। তার ভাষায়, ‘এই সিরিজ আপনাকে ভীষণভাবে নাড়া দিতে পারে।’
নতুন সংযোজন হিসেবে রয়েছেন আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, এটি তার ক্যারিয়ারের একেবারেই ভিন্নধর্মী অভিজ্ঞতা।
২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারজুড়ে দেখা যায় অন্ধকার, খুন, রহস্য আর শয়তানি আচার। যা সিরিজটিকে আরও ভয়ংকর করে তুলেছে। শুটিংয়ের সময় ভয়াবহ কিছু দৃশ্যে ইউনিটের সদস্যদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছিলেন বলেও জানিয়েছেন তৌসিফ।
সিরিজটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, মৌসুমী মৌ, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, শাহেদ আলী, আরেফিন জিলানি ও মার্শিয়া শাওনসহ অনেকে।
সব মিলিয়ে, রহস্য আর আতঙ্কে ভরপুর ‘চক্র ২’ হতে যাচ্ছে এবারের ঈদের অন্যতম আলোচিত ওয়েব সিরিজ।
এলআইএ