নতুন নায়িকার সঙ্গে রোমান্স জমে ক্ষীর, শাকিব খানের ‘পরী’ ভাইরাল
বাঁয়ে জ্যোতির্ময়ীর সঙ্গে শাকিব, ডানদিকে ‘পরী’ গানের গীতিকার জীবন ও কণ্ঠশিল্পী ইমরান-কোনাল
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ঈদ স্পেশাল সিনেমা ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-এর নতুন গান ‘পরী’ দর্শকদের মধ্যে ঝড় তুলেছে। গতকাল দুপুরে ইউটিউবে প্রকাশিত এই রোমান্টিক গানটি মাত্র ২৪ ঘণ্টায় ১২ লাখ ভিউ পেরিয়েছে। ইউটিউবের মন্তব্য অংশে ১০ হাজারেরও বেশি মন্তব্য পড়েছে।
তার প্রায় সবই শাকিব খানের অভিনয় ও কলকাতার নায়িকা জ্যোতির্ময়ীর সঙ্গে তার রোমান্স রসায়নের প্রশংসায় ভরপুর।
গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল। সংগীত পরিচালনাও করেছেন ইমরান মাহমুদুল।
নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, গানটি দর্শকের মধ্যে সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়াবে এবং প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে। এর আগে ট্রেলার ও টিজার প্রকাশের পর থেকেই দর্শক শাকিব খানের নতুন লুক ও অ্যাকশন উপস্থাপনায় মুগ্ধ হয়েছেন।
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান এক গ্যাংস্টার চরিত্রে, সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ। এছাড়া সিনেমায় একটি আইটেম গানে প্লেব্যাক করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা, যার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান।
এলআইএ