ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

পূর্ণিমার হাতে মেহেদি, শর্ট পাঞ্জাবিতে যুক্তরাষ্ট্রে জায়েদ খান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪০ এএম, ২২ মার্চ ২০২৬

ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শোবিজ তারকারাও নিজেদের মতো করে উদযাপন করেছেন এই বিশেষ দিনটি। কেউ পরিবার নিয়ে, কেউবা ভিন্ন সাজে কিংবা দেশের বাইরে থেকেও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঈদের খুশি। সামাজিক মাধ্যমে তাদের সেই মুহূর্তগুলোই এখন আলোচনায়।

গতকাল ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। দিনটি ঘিরে দেশের বিনোদন অঙ্গনের তারকারা ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসা। তারকাদের দেখা গেল বাহারি পোশাকে, স্টাইলে। কেউ দেশে, কেউ বিদেশে কাটিয়েছেন এবারের ঈদ।

তাদের মধ্যে চিত্রনায়িকা পূর্ণিমা ধরা দিয়েছেন মেহেদি হাতে। মেহেদি রাঙা হাতে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তার এই সাজ সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

পরীমনি ছেলে ও মেয়েকে নিয়ে ঈদ কাটিয়েছেন। একগুচ্ছ ছবি দিয়ে জানান দিয়েছেন আনন্দময় ঈদ কাটলো তার দুই সন্তান নিয়ে। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের চাঁদ রাত এবং ঈদের সকাল’

ঢালিউড অভিনেতা জায়েদ খানের ঈদ কেটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এদিন তিনি হাজির হন ভিন্ন এক লুকে। কালো শর্ট পাঞ্জাবিতে রঙিন ফ্লোরাল এমব্রয়ডারি, সঙ্গে সিগনেচার সানগ্লাস ও হাতঘড়ি, সব মিলিয়ে নজর কেড়েছেন তিনি।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু পরিবার ও দুই ছেলের সঙ্গে ছবি প্রকাশ করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন।

অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন একই রঙের পোশাকে ধরা দিয়ে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

ঈদের সাজে নজর কেড়েছেন অভিনেত্রী বর্ষা। হালকা সাদার ওপর সূক্ষ্ম সুতোয় বুনন করা তার পোশাক পেয়েছে প্রশংসা।



ঈদের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী আয়েশা খান লিখেছেন, ‘সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা।’

অভিনেতা আব্দুন নূর সজল সাদা পাঞ্জাবি পরিহিত দুটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঈদের আনন্দ।

অভিনেতা নিরব হোসেন সাদা কাবলি স্যুটের সঙ্গে বাদামী নাগরা জুতা পরে হাজির হয়েছেন ঐতিহ্যবাহী লুকে।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিনেত্রী সামিরা খান মাহি সেখান থেকেই একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

আফরান নিশোর ঈদ কেটেছে রাজধানীর বিভিন্ন সিনেমা হল পরিদর্শন করে। অভিনেতার ‘দম’ সিনেমা মুক্তি পেয়েছে ঈদে। তারই প্রচারণায় ব্যস্ত আছেন তিনি।

সব মিলিয়ে, ভিন্ন ভিন্ন সাজ, আবহ আর অনুভূতিতে তারকাদের ঈদ ছিল রঙিন ও আনন্দমুখর।

 

এলআইএ