ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

স্টার সিনেপ্লেক্সে টিকিটে ভোগান্তি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতারও ক্ষোভ

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৪ মার্চ ২০২৬

দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের অনলাইন টিকিটিং ব্যবস্থাপনা নিয়ে ভোগান্তির অভিযোগ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।

অমির অভিযোগ, অনলাইনে টিকিট কাটতে গিয়ে অর্থ পরিশোধ করার পরও তার বুকিং নিশ্চিত হয়নি। হটলাইনে যোগাযোগ করলে টিকিট কনফার্ম হয়েছে বলে জানানো হলেও প্রেক্ষাগৃহে গিয়ে তিনি জানতে পারেন, সার্ভার জটিলতার কারণে বুকিং সম্পন্ন হয়নি।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অমি বলেন, টাকা কেটে নেওয়ার পরও টিকিট নিশ্চিত না হওয়া স্পষ্ট ভোক্তা হয়রানি। তিনি প্রশ্ন তোলেন, সার্ভার সমস্যা থাকলে কীভাবে পেমেন্ট গ্রহণ করা হয়। সময় ও ভোগান্তির বিষয়টিকেও তিনি গুরুতর সমস্যা হিসেবে উল্লেখ করেন।

শুধু অমিই নন, ঈদ উপলক্ষে সিনেমা দেখতে গিয়ে একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অনেক দর্শক। অভিযোগ রয়েছে, অনলাইনে টিকিট কাটার পরও তারা প্রেক্ষাগৃহে গিয়ে টিকিট পাননি। এমনকি অনেকেই এখনো টাকা ফেরত পাননি বলে জানিয়েছেন। ফলে দূর-দূরান্ত থেকে এসে সিনেমা না দেখেই ফিরে যেতে হয়েছে বহু দর্শককে।

এমন অভিযোগের প্রেক্ষিতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন টিকিট সংক্রান্ত যেকোনো সমস্যায় গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য ও পেমেন্টের প্রমাণসহ যোগাযোগ করতে বলা হয়েছে। এক ফেসবুক পোস্টে তারা ইনবক্সে যোগাযোগের অনুরোধ জানালেও, অনেক গ্রাহক মন্তব্যের ঘরেই তাদের ভোগান্তির কথা তুলে ধরছেন।


স্টার সিনেপ্লেক্সের টিকিট নিয়ে ভোগান্তির শিকার সাধারণ দর্শকের প্রতিক্রিয়া 

তবে অনেক দর্শক আবার দাবি করছেন, ইনবক্সে নক করেও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া মিলছে না। তাই এখনো অনেক ভুক্তভোগী কার্যকর সমাধান বা দ্রুত টাকা ফেরত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। ঈদের ব্যস্ত সময়ে এমন ভোগান্তি দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

 

এলআইএ