ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

চার বছর পর ফিরছেন বিরল রোগে আক্রান্ত জনপ্রিয় গায়িকা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৫ মার্চ ২০২৬

দুর্লভ স্নায়বিক রোগে আক্রান্ত হওয়ার চার বছর পর আবারও মঞ্চে ফিরতে যাচ্ছেন কানাডার জনপ্রিয় গায়িকা সেলিন ডিওন। ২০২২ সালে স্টিফ পারসন সিনড্রোম নামের বিরল রোগে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন মঞ্চ থেকে দূরে ছিলেন তিনি।

এবার চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ফ্রান্সের প্যারিস লা দেফঁস অ্যারেনাতে তিনি সপ্তাহে দুই দিন করে কনসার্ট করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ফরাসি সংবাদমাধ্যম লা প্রেস প্রথম এ তথ্য প্রকাশ করে। ইতোমধ্যে প্যারিসজুড়ে তার জনপ্রিয় গানগুলোর নামসহ পোস্টারও দেখা গেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সেলিন ডিওন।

সর্বকালের সর্বাধিক বিক্রিত কানাডীয় সংগীতশিল্পী হিসেবে পরিচিত ডিওন সর্বশেষ ২০২০ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়র্কে পূর্ণাঙ্গ কনসার্টে অংশ নিয়েছিলেন। পরে বৈশ্বিক মহামারির কারণে তার ‘কারেজ’ সফর মাঝপথেই বন্ধ হয়ে যায়।

২০২২ সালে নিজের অসুস্থতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দেন তিনি। সেখানে জানান, এই রোগ তার দৈনন্দিন জীবনের প্রতিটি অংশে প্রভাব ফেলছে। বিশেষ করে পেশির খিঁচুনি তার গান গাওয়া ও মঞ্চে পারফর্ম করার সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়াই করছেন এবং এটি তার জন্য অত্যন্ত কঠিন সময়। তবে চিকিৎসকদের একটি শক্তিশালী দল তার সুস্থতার জন্য কাজ করছে বলেও জানান।

এরপর ২০২৩ সালে তিনি তার স্থগিত হওয়া সফরের বাকি অংশও বাতিল করেন।

তবে ২০২৪ সালে কিছু গুরুত্বপূর্ণ আয়োজনে সংক্ষিপ্তভাবে দেখা গেছে তাকে। সে বছর গ্র্যামি পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত হয়ে দর্শকদের দাঁড়িয়ে সম্মান জানানোর সুযোগ পান। একই বছর প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আইফেল টাওয়ার থেকে ফরাসি কিংবদন্তি শিল্পী এডিথ পিয়াফের গান পরিবেশন করে আবেগঘন প্রত্যাবর্তনের আভাস দেন তিনি।

এবার পূর্ণাঙ্গ কনসার্টে ফেরার খবরে ভক্তদের মাঝে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

 

এলআইএ