ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

সমুদ্রসৈকতে আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৭ মার্চ ২০২৬

কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে আজ শুরু হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’। দুই দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশের পাঁচটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা, একটি ইংরেজি সিনেমা এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এই আয়োজনে সহযোগিতা করছে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব। উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকেরা জানিয়েছেন, আজ বিকেল ৪টায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে শুরু হবে উৎসব। উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী দিয়ে শুরু হবে উৎসব। এরপর প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ছায়াবৃক্ষ’, অপূর্ব রানা পরিচালিত ‘জলরং’ এবং বড়ুয়া সুনন্দা কাকন পরিচালিত বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি সিনেমা ‘ডট’।

২৮ মার্চ শনিবার বিকেল ৪টায় উৎসবের সমাপনী দিনের আয়োজন শুরু হবে সবুজ খান পরিচালিত ‘বেহুলা দরদী’ সিনেমার প্রদর্শনী দিয়ে। এরপর একে একে প্রদর্শিত হবে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ এবং তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’।

উৎসব প্রসঙ্গে কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য চলচ্চিত্রের মাধ্যমে সমাজের গল্প, মানুষের অনুভূতি এবং সময়ের বাস্তবতাকে তুলে ধরা। পাশাপাশি নতুন ও প্রতিভাবান নির্মাতাদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিজেদের ভাবনা ও স্বপ্ন প্রকাশের সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি, চলচ্চিত্র কেবল বিনোদন নয়, এটি সচেতনতা, সংযোগ এবং পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। সেই বিশ্বাস থেকেই আমাদের এই প্রয়াস।’

এমআই/জেআইএম