ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

আবারও অভিনয়ে পান্থ কানাই, দেখা যাবে শাকিবের যে সিনেমায়

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৯ মার্চ ২০২৬

 

দুই দশকেরও বেশি সময় ধরে গাইছেন পান্থ কানাই। এখনো সংগীতেই কাটে তার পুরোটা সময়। তাকে এবার দেখা যাবে অভিনেতা শাকিব খানের সহশিল্পী হিসেবে। এর আগে মঈন হাসান ধ্রুব পরিচালিত ‘দাহকাল’ সিনেমায় অভিনয় করেছিলেন এই কণ্ঠশিল্পী।

জানা গেছে মালয়েশিয়ায় শুরু হয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে। এ ছাড়া শাকিবের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী।

গতকাল মালয়েশিয়ায় ’রকস্টার’ টিমের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেছেন শাকিব খান। এদিন প্রকাশিত হয় ছবির ফার্স্টলুক। জন্মদিনে সেই ছবি শাকিব অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। কালো সানগ্লাস, ক্যাজুয়াল লুক, শরীরে ট্যাটু, সব মিলিয়ে এক ভিন্ন চেহারায় হাজির হয়েছেন শাকিব খান। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে লাখের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।

‘রকস্টার’ সিনেমাটি নিয়ে আজমান রুশো বলেন, ‌‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টারের লুক আমরা দেখাবো। ছবিতে শাকিব খান একজন রক মিউজিশিয়ান। তিনি নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষে আমরা এটি প্রকাশ করেছি।’

‘রকস্টার’ ছবির চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। তিনি লিখেছেন ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’ সিনেমার চিত্রনাট্য।

এমআই/আরএমডি