রাহুলের মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য, তদন্তের দাবি দুই অভিনেত্রীর
রাহুলের মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য, তদন্তের দাবি দুই অভিনেত্রীর
টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের পাশাপাশি উঠছে একের পর এক প্রশ্ন। শুটিং ফ্লোরে স্বাভাবিক পরিবেশে থাকা একজন অভিনেতা কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যুবরণ করায় পুরো ইন্ডাস্ট্রিই স্তম্ভিত।
এই ঘটনার পরই সরব হয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও সুদীপ্তা চক্রবর্তী। তারা দুজনই রাহুলের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে রূপাঞ্জনা মিত্র বলেন, যথাযথ নিরাপত্তা ছাড়াই শুটিং হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, শিল্পীদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার এই বাস্তবতা নিয়ে ইন্ডাস্ট্রিকে জবাবদিহি করতে হবে।![]()
রূপাঞ্জনা মিত্র
অন্যদিকে, ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের সদস্য সুদীপ্তা চক্রবর্তীও এই ঘটনাকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে পূর্ণাঙ্গ পুলিশি তদন্তের দাবি জানান। তিনি বলেন, সত্য উদঘাটন হওয়া জরুরি।
জানা গেছে, রোববার পশ্চিমবঙ্গের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল। শুটিং শেষে সমুদ্রে নামেন রাহুল। হঠাৎ জোয়ারে তলিয়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছোটপর্দা, বড়পর্দা ও থিয়েটারে সমানভাবে কাজ করেছেন। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘জুলফিকার’, ‘বিদায় ব্যোমকেশ’সহ বিভিন্ন জনপ্রিয় কাজের মাধ্যমে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।
সুদীপ্তা চক্রবর্তী
অভিনয়ের পাশাপাশি সাহিত্যচর্চা ও সামাজিক বিষয়েও সক্রিয় ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন স্নেহশীল বাবা। ছেলে সহজকে ঘিরেই তার অনেক পরিকল্পনা ছিল। এমনকি ছেলের নামেই ‘সহজ কথা’ নামে একটি পডকাস্টও শুরু করেছিলেন।
রাহুলের এই অকাল মৃত্যুতে শুধু একজন অভিনেতা নয়, একজন সংবেদনশীল মানুষকেও হারালো বাংলা বিনোদন অঙ্গন, এমনটাই মনে করছেন তার সহকর্মীরা।
এলআইএ
সর্বশেষ - বিনোদন
- ১ পানিতেই নিভে গেল দুই নক্ষত্রের আলো, জুবিনের পর রাহুল
- ২ রাহুলের বাড়িতে ছুটে গেলেন প্রসেনজিৎ, শোকে স্তব্ধ পরিবেশ
- ৩ রাহুলের অস্বাভাবিক মৃত্যুতে মামলা, রহস্য উদঘাটনে অ্যাকশনে পুলিশ
- ৪ কীভাবে সমুদ্রে ডুবে মারা গেলেন রাহুল, বর্ণনা দিলেন সেই পরিচালক
- ৫ রাহুলের মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য, তদন্তের দাবি দুই অভিনেত্রীর