ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

‘বাহুবলী ২’ ছাড়িয়ে শীর্ষে ‘ধুরন্ধর ২’, ১১ দিনেই আয় ১ হাজার কোটি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ৩০ মার্চ ২০২৬

বলিউডের অ্যাকশনধর্মী সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বিশ্বব্যাপী আয় করে নতুন রেকর্ড গড়েছে। মুক্তির মাত্র ১১ দিনেই ছবিটি আয় করেছে প্রায় ১ হাজার ৩৬৫ কোটি রুপি (প্রায় ১৪৭ দশমিক ৮ মিলিয়ন ডলার সমমূল্য)। যা এর প্রথম কিস্তির মোট আয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

এর আগে ‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব বিশ্বজুড়ে আয় করেছিল প্রায় ১৪১ দশমিক ৫ মিলিয়ন ডলার সমমূল্য। সিক্যুয়েল মুক্তির আগে সেটি সীমিত পরিসরে পুনরায় প্রদর্শিতও হয়।

ভারতে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ১১০ দশমিক ৭ মিলিয়ন ডলার সমমূল্য। তবে সবচেয়ে বড় সাফল্য এসেছে উত্তর আমেরিকার বাজারে। সেখানে প্রায় ২৩ মিলিয়ন ডলার আয় করে ছবিটি ভেঙে দিয়েছে দীর্ঘদিনের রেকর্ডধারী ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর আয়। সেটি ছিল প্রায় ২০ দশমিক ২ মিলিয়ন ডলার।

মুক্তির শুরুতেই ছবিটি দারুণ সাড়া ফেলে। প্রথম তিন দিনে প্রায় ১০ মিলিয়ন ডলার এবং পাঁচ দিনে প্রায় ১৪ মিলিয়ন ডলার আয় করে বলিউডের জন্য নতুন মানদণ্ড তৈরি করেছে। এর আগে এই রেকর্ড ছিল শাহরুখ খানের ‘পাঠান’-এর দখলে।

বিদেশের প্রায় সব বড় বাজারেই ছবিটি শীর্ষ অবস্থানে রয়েছে, শুধু যুক্তরাজ্য ছাড়া। সেখানে ছবিটি দ্বিতীয় স্থানে রয়েছে। আন্তর্জাতিকভাবে দ্বিতীয় সপ্তাহেও অধিকাংশ প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী অব্যাহত রয়েছে।

অস্ট্রেলিয়ায় ছবিটি আয় করেছে প্রায় ৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার এবং জার্মানিতে ছাড়িয়েছে ১ মিলিয়ন ডলার। চীনেও এখনো মুক্তি পায়নি ছবিটি, যেখানে ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনো ‘দঙ্গল’-এর দখলে।

প্রায় ২ হাজার ২০০টি প্রেক্ষাগৃহ এবং ৩ হাজার পর্দায় মুক্তি পেয়ে এটি বলিউডের সবচেয়ে বড় আন্তর্জাতিক মুক্তিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। আরও অভিনয় করেছেন আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্তসহ অনেকে। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আদিত্য ধর।

 

এলআইএ