ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র বলা ব্যক্তিকে অনুসরণ করে বিতর্কে নায়িকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:০৯ এএম, ৩১ মার্চ ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বিতর্কিত ব্যক্তিকে অনুসরণ করাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে আলোচনায় আসা অভিনেত্রী অনীৎ পাড্ডা। ঘটনার সূত্রপাত হয়, যখন নেটিজেনরা লক্ষ্য করেন, অনীৎ একজন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক হাসান পিকারকে অনুসরণ করছিলেন।

পরে তার একটি পুরোনো মন্তব্য সামনে আসে, যেখানে তিনি নাকি ভারতকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেছিলেন। সেই ব্যক্তিতে অনুসরণ করার অভিযোগ ঘিরেই শুরু হয় বিতর্ক।

বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, একজন জনপ্রিয় তারকার জন্য এ ধরনের ব্যক্তিকে অনুসরণ করা কতটা দায়িত্বশীল।

পরবর্তীতে জানা যায়, অনীত পাড্ডা ওই ব্যক্তিকে আনফলো করেছেন। তবে এরই মধ্যে বিতর্ক বড় আকার ধারণ করে ফেলে।

এদিকে নতুন করে আলোচনায় আসে অনীতের বোন রীত পাড্ডার কিছু পুরোনো মন্তব্য। তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে মতামত দিয়েছিলেন, যা অনেকেই সংবেদনশীল হিসেবে দেখছেন। পাশাপাশি পরিচালক আদিত্য ধর-এর কাজ নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

ফলে অনেকেই এসব বিষয়কে টেনে এনে অনীত পাড্ডার সঙ্গেও যুক্ত করছেন, যদিও অভিনেত্রী নিজে সরাসরি কোনো বিতর্কিত মন্তব্য করেননি।

এ ঘটনায় এখন পর্যন্ত অনীত বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, তার বোন ইতোমধ্যে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্যক্তিগত করে দিয়েছেন।

 

এলআইএ