ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

লুবাবার বিয়ের জন্য তার বাবা-মায়ের শাস্তি দাবি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০২৬

ধর্মের টানে বছর খানেক আগে শোবিজ ছাড়ার ঘোষণা দেন আলোচিত ও সমালোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। সে সময় এ তারকা জানিয়েছিলেন, তাকে আর প্রকাশ্যে দেখা যাবে না। তিনি শোবিজের কাজ ছেড়ে ধর্মীয় জীবনধারার দিকেই তিনি মনোনিবেশ করতে চান।

তার মা-ও জানিয়েছিলেন, লুবাবা নিজের জীবনযাপনে পরিবর্তন আনতে চাইছেন এবং ইসলামের পথে চলতে আগ্রহী।

তবে সবসময়ই সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন লুবাবা। সেখানে পর্দা প্রথা মেনে সক্রিয় তিনি। গেল ২৮ মার্চ লুবাবার ভেরিফায়েড ফেসবুক ফেসবুক পেজ থেকে জানা যায়, তিনি ওমরার করতে সৌদি আরবের মদিনা থেকে মক্কা নগরীতে যাচ্ছেন। যাত্রাপথের একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘ওমরা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় রওনা হইলাম। অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন।’

এরপরের একটি পোস্টে মসজিদ আল-কুবার ভিডিও পোস্ট করেন তিনি। তার পরের পোস্টটি রীতিমতো চমকে দেওয়ার মতো। গতকাল মঙ্গলবার বিকেলের সে ফেসবুক পোস্টে একটি ছবি প্রকাশ করেন লুবাবা। লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

লুবাবার ওই ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকে তার বিয়ের গুঞ্জন ছড়ায়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু লেখেননি লুবাবা। তার মা জাহিদা ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। একাধিকবার কল করে, খুদে বার্তা পাঠিয়েও উত্তর মেলেনি।

তবে লুবাবার পোস্ট দেখে নেটিজেনদের দাবি তিনি বিয়ে করেছেন। গণমাধ্যমে বিয়ের খবরও প্রকাশ হয়েছে। এতে ঘি ঢেলেছেন অনন্ত জলিলের স্ত্রী বর্ষার পোস্ট ও মন্তব্য। লুবাবার ওই ইঙ্গিতপূর্ণ পোস্টে বর্ষা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লুবাবার উদ্দেশে লেখেন, ‘তোমাদেরকে সুস্থতা দান করুন এবং বিবাহিত জীবন সুখের করুন আমিন। অভিনন্দন জানিয়ে আরও লেখেন, খুব ইচ্ছা ছিল যাবার কিন্তু সময় করতে পারিনি।’

এতে লুবাবার বিয়ের গুঞ্জন সত্য বলে ধরে নিচ্ছেন অনেকে। তাকে জানাচ্ছেন অভিনন্দন। তবে অনেকের অভিযোগ, বাল্যবিবাহ করেছেন লুবাবা। তাকে ১৫-১৬ বছরের কিশোরী দাবি করে এ অভিযোগ আনা হচ্ছে। কেননা বাংলাদেশের আইন অনুযায়ী কন্যার বয়স ১৮ বছরের নিচে হলে বাল্যবিবাহ বলে গণ্য হয়। এ সব বিষয় নিয়েও কোনো প্রতিক্রিয়া দেখায়নি লুবাবা কিংবা তার পরিবার।

নেটিজেনদের অনেকে এই বাল্যবিবাহের ঘটনা সত্যি হয়ে থাকলে লুবাবার বাবা-মায়ের শাস্তি দাবি করেছেন। রোজিনা ইসলাম নামের একজন লিখেছেন, ‘ঘটনা যদি সত্য হয়, ওর মা-বাবাকে আইনের আওতায় আনা উচিত। বাল্যবিবাহ কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু আজকের সমাজে বড়লোকদের মেয়ের বাল্যবিবাহ পুলিশের বা সমাজের চোখে পড়ে না। গরিব হলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ, গ্রেপ্তার! সত্যিকারের ন্যায় চাই!’

একটি নিউজ ফাটোকার্ডের নিচে রেজাউল করিম বিবন নামে একজন লিখেছেন, ‘বাল্য বিয়ে প্রতিরোধ করা জরুরী হয়ে পড়েছে।’

সিকদার ডায়মন্ড নামে একজন বাংলাদেশ পুলিশের পেজ ট্যাগ করে লিখেছেন, ‘এই মেয়ে তার বাপ-মা, জামাই এবং শ্বশুর-শাশুরী সবাইকে জেলের ভাত খাওয়াতে হবে। তাইলেই আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।’

এমন সব নানা রকম পোস্ট আর মন্তব্যে ভেসে গেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবকিছু নিয়ে এখনো নিশ্চুপ লুবাবা ও তার পরিবার।

 

এলআইএ