ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

জুলাই তথ্যচিত্র নির্মাতাদের ওপর হামলা, রাস্তায় নামলেন সংস্কৃতিকর্মীরা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০১ এপ্রিল ২০২৬

রাজধানীতে জুলাই আন্দোলনভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন চলচ্চিত্র ও সাংস্কৃতিক সংগঠন। এই ঘটনার পর থেকেই সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

গত সোমবার সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রাঙ্গণে সাতজন নির্মাতা ও সংস্কৃতিকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন আবদুর রহমান, গোলাপ শাহ, মোশফিকুর রহমান, রিয়াদুল হাসান, মাহবুব হোসেন, মিনহাজুর রহমান ও নাসিফ আমিন।

নির্মাতাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের বকেয়া বিল পরিশোধের বিষয়ে কথা বলতে গেলে তাদের কাছ থেকে ‘পার্সেন্টেজ’ দাবি করা হয়। এতে আপত্তি জানালে তাদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার পর ‘দৃশ্যমাধ্যম সমাজ’ এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। একই সঙ্গে ‘কালচার অ্যান্ড ফিল্ম কালেক্টিভ’ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

এদিকে, হামলার প্রতিবাদে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। বক্তারা বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সাংস্কৃতিক অঙ্গনের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদও। তারা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

অভিযোগের পর অভিযুক্ত চিত্রগ্রাহক মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।

সাংস্কৃতিক কর্মীদের মতে, জুলাই যোদ্ধা নির্মাতাদের ওপর এই হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং মুক্তচিন্তা ও সৃজনশীলতার ওপর আঘাত। এর দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

 

এলআইএ