এলআরবি, অর্থহীনসহ পাঁচ ব্যান্ডের গান নতুন করে নিয়ে এলেন ফুয়াদ
এলআরবি, অর্থহীনসহ পাঁচ ব্যান্ডের গান নতুন করে নিয়ে এলেন ফুয়াদ
বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় পাঁচটি গান এবার নতুন রূপে হাজির করলেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদীর। তার সংগীতায়োজনে পুনর্নির্মিত হয়েছে এলআরবি, অর্থহীন, ডিফারেন্ট টাচ, ক্রিপটিক ফেইট ও ওয়াটসন ব্রাদার্সের পাঁচটি বহুল শ্রুত গান।
‘টাচ অব গোল্ড’ শিরোনামের এই বিশেষ প্রজেক্টে নতুন করে তৈরি করা হয়েছে এলআরবির ‘ঘুমন্ত শহরে’, অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ডিফারেন্ট টাচের ‘শ্রাবণের মেঘ’, ক্রিপটিক ফেইটের ‘ভবঘুরে’ এবং ওয়াটসন ব্রাদার্সের ‘রঙ’। সম্প্রতি ‘বি হেয়ার নাও’-এর ব্যানারে গানগুলো প্রকাশ পেয়েছে।
নতুন আয়োজনে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। ‘অদ্ভুত সেই ছেলেটি’ গেয়েছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। ‘শ্রাবণের মেঘ’-এ কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। ‘ভবঘুরে’ গেয়েছেন অ্যাভয়েড রাফার রায়েফ আল হাসান রাফা। আর ‘রঙ’ গেয়েছেন নেমেসিসের জোহাদ রেজা চৌধুরী। এছাড়া ‘ঘুমন্ত শহরে’ গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন জোহাদ, রাফা ও শাকিব।
প্রজেক্টটি নিয়ে ফুয়াদ জানান, নব্বইয়ের দশকে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে গানগুলোর যে সাউন্ড ছিল, সেটিকে আধুনিক প্রযুক্তি ও নতুন অ্যারেঞ্জমেন্টে পুনর্গঠন করার চেষ্টা করেছেন তারা। তার মতে, এটি একদিকে যেমন নস্টালজিক শ্রোতাদের জন্য নতুন অভিজ্ঞতা, তেমনি নতুন প্রজন্মের কাছেও গানগুলো নতুন করে পৌঁছাবে।
শিল্পীরাও এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন। শাকিব চৌধুরীর মতে, এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট পুরোনো গানগুলোকে নতুন করে জীবিত রাখে।
অন্যদিকে জোহাদ রেজা চৌধুরী বলেন, তারা নিজেরাও এই গানগুলো শুনে বড় হয়েছেন, তাই নতুন সাউন্ডে এগুলো আবার ফিরিয়ে আনাটা বিশেষ অনুভূতির।
পাঁচটি গানের ভিডিও নির্মাণ করেছে রানআউট ফিল্মস। ভিডিওগুলো পরিচালনা করেছেন আদনান আল রাজীব। প্রতিটি গানে আলাদা গল্প ও ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।
এলআইএ