ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

কারাদণ্ডের ঝুঁকি নিয়েই ইরানে ফিরলেন জাফর পানাহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। কারাদণ্ডের ঝুঁকি উপেক্ষা করে নিজ দেশ ইরানে ফিরেছেন তিনি। কয়েক মাস বিদেশে অবস্থানের পর গত ৩১ মার্চ তিনি দেশে ফিরেছেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আকাশপথে যাতায়াতে বিধিনিষেধ থাকায় তুরস্ক হয়ে স্থলপথে ইরানে প্রবেশ করেন এই নির্মাতা। তবে দেশে ফেরার পরই তাকে ঘিরে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

গত বছরের ডিসেম্বরে ইরানের একটি আদালত পানাহিকে অনুপস্থিত অবস্থায় এক বছরের কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রবিরোধী প্রচারণায় জড়িত থাকা। ফলে দেশে ফেরার সিদ্ধান্তকে অনেকেই সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।

এর আগে একাধিকবার গ্রেফতার হওয়া পানাহি দীর্ঘদিন ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও ছিলেন। নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় হন এবং কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন। সেখানে তার চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সেরা পুরস্কার পাম দ’অর জিতে নেয়।

এছাড়া সিনেমাটি অস্কারের ৯৮তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ও বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে বিভাগে মনোনয়ন পায়। এই সিনেমার প্রচারণার কাজে তিনি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

গত ফেব্রুয়ারিতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পানাহি জানিয়েছিলেন, কাজ শেষ করেই তিনি ইরানে ফিরবেন। নিজের দেশে থাকার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ইরানই তার কাজের একমাত্র জায়গা।

সরকারি শাস্তির ঝুঁকি থাকা সত্ত্বেও দেশে ফেরার এই সিদ্ধান্তকে অনেকেই তার শিল্পের প্রতি দায়বদ্ধতা ও দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসার প্রতীক হিসেবে দেখছেন।

 

এলআইএ