ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

নায়ক থেকে ভয়ংকর খলনায়ক, তার অভিনয়-সংলাপ ছিলো সাফল্যের ম্যাজিক

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

এক সময়ের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ক্যারিয়ারের শুরুটা করেছিলেন নায়ক হিসেবে। এরপর জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন তিনি খল চরিত্রে। রীতিমতো তিনি ছিলেন সিনেমার ভয়ংকর মানুষ। তার দুর্দান্ত অভিনয় ও জনপ্রিয় সংলাপগুলো ছিলো সিনেমার সাফল্যের ম্যাজিক।

ডিপজলের মুখের নানা সংলাপ আজও সিনেমাপ্রেমীদের আনন্দ দেয়, নিয়ে যায় ফেলে আসা অতীতের সোনালি দিনে, যা ছিলো ঢালিউডেরও সুদিন। 

ঢাকাই চলচ্চিত্রে ডিপজল উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। আজ (৬ এপ্রিল) দাপুটে এই অভিনেতার জন্মদিন।


এইদিনে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন ছেলের সঙ্গে ছবি পোস্ট করে। ডিপজল লিখেছেন, ‘আজ আমার জন্মদিনে আমার সন্তানরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছে, তাতে আমার হৃদয় ভরে গেছে। আমার একটাই দোয়া-আল্লাহ যেন আমার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করেন।’

তিনি আরও লেখেন, ‘তারা যেন সততা, আদর্শ আর মানবিকতায় বড় হয় এবং নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে।
সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে দেখাই আমার সবচেয়ে বড় সুখ। সবসময় আমার দোয়া ও ভালোবাসা তোমাদের সঙ্গে আছে। অনেক ভালোবাসি তোমাদের।’


ছেলের সাথে ডিপজল

১৯৬২ সালের এইদিনে জন্মগ্রহণ করেন ডিপজল। ‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন ব্যতিক্রমী ঢংঙে সংলাপ বলা এ অভিনেতা। 

এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি। বিশেষ করে নায়ক মান্নার সঙ্গে তার জুটি ছিলো তুমুল জনপ্রিয়।

একজন প্রযোজক হিসেবেও সফল ডিপজল। অসংখ্য সিনেমা তিনি প্রযোজনা করে সাফল্য পেয়েছেন। করেছেন হল ব্যবসাও। পরিচালনাতেও নাম লিখিয়েছেন আপাদমস্তক সিনেমার মানুষ ডিপজল। শিল্পী সমিতির নেতৃত্বও দিয়ে যাচ্ছেন মজবুত হাতে। চলচ্চিত্রের মানুষদের কাছে তিনি একজন দানবীর হিসেবেও পরিচিত।

বর্তমানে ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

এমআই/এলআইএ