ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

প্রয়াত অভিনেতা শামস সুমন স্মরণে সহকর্মীদের আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

অকাল প্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে স্মরণে বিশেষ আয়োজন করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। ‘বন্ধু প্রিয় শামস সুমন… স্মৃতিতে অম্লান’ শীর্ষক এই আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেবেন তার সহকর্মীরা।

জানা গেছে, আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু।

তিনি বলেন, ‘আমাদের প্রিয় সহকর্মী, গুণী অভিনয়শিল্পী এবং অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের অন্তপ্রাণ সদস্য শামস সুমন ভাইয়ের অকাল প্রয়াণ আমরা এখনো মেনে নিতে পারছি না। তাকে স্মরণ করতে আমরা সবাই একত্রিত হবো। অনুষ্ঠানে তার জীবন ও কর্ম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। এরপর সহকর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করবেন।’

২০০৮ সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শামস সুমন। কর্মজীবনে তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

একসময় টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন শামস সুমন। মঞ্চ, ছোটপর্দা এবং বড়পর্দা-সব ক্ষেত্রেই তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি টেলিভিশন নাটকে কিছুটা অনিয়মিত ছিলেন।

আরও পড়ুন:
শহীদ মিনারে ‘খনা’র শততম প্রদর্শনী ঘিরে দুই দিনের উৎসব 
অবশেষে চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স 

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘মন জানে না মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনি’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ এবং ‘হ্যালো অমিত’।

এমআই/এমএমএফ

 

আরও পড়ুন