এত মুনাফা করেও কেন এক হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ডিজনি
এত মুনাফা করেও কেন এক হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ডিজনি
ডিজনি কোম্পানি আসন্ন মাসগুলোতে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করতে পারে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদ বিলুপ্ত করার মাধ্যমে এই কর্মী কমানো হবে। মূলত কোম্পানির মার্কেটিং বিভাগ থেকেই বড় অংশের ছাঁটাই হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। প্রায় দুই লাখ তেত্রিশ হাজার পূর্ণকালীন ও খণ্ডকালীন কর্মীর এই বৃহৎ প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এমন সময়, যখন নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জশ ড্যামারো। তিনি আগে ডিজনি এক্সপেরিয়েন্সেস বিভাগের চেয়ারম্যান ছিলেন।
ফেব্রুয়ারির শুরুতে প্রাক্তন প্রধান নির্বাহী বব আইগারের স্থলাভিষিক্ত হিসেবে তাকে নির্বাচিত করা হয়। ডিজনির পরিচালনা পর্ষদের সদস্যরা এবং আইগার সর্বসম্মতভাবে তাকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেন। তিনি ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিনোদন জগতে অনিশ্চয়তা, আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ, যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মতো কারণগুলো সাম্প্রতিক সময়ে বড় বড় মিডিয়া কোম্পানিকে কর্মী কমানোর দিকে ঠেলে দিচ্ছে। এর আগে সনি পিকচার্স এন্টারটেইনমেন্টও কয়েকশ পদ কমানোর পরিকল্পনা নিশ্চিত করেছে।
এর আগে ২০২৩ সালে ডিজনি বড় ধরনের ছাঁটাই করেছিল। সেখানে প্রায় সাত হাজার কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়।
কোম্পানির মোট বৈশ্বিক কর্মশক্তির প্রায় ৭৬ শতাংশ পূর্ণকালীন কর্মী। এর মধ্যে প্রায় এক লাখ বাহাত্তর হাজার যুক্তরাষ্ট্রে কাজ করেন।
জশ ড্যামারো ১৯৯৮ সালে ডিজনিল্যান্ডে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে ডিজনি কনজিউমার প্রোডাক্টস গ্লোবাল লাইসেন্সিং বিভাগের প্রধান অর্থ কর্মকর্তা, ডিজনিল্যান্ড রিসোর্টের প্রেসিডেন্ট এবং ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্টের প্রেসিডেন্ট। ২০২০ সালের মে মাসে তিনি পার্কস, ক্রুজ, কনজিউমার প্রোডাক্টস এবং ওয়াল্ট ডিজনি ইম্যাজিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে উন্নীত হন।
এলআইএ