জেমস বন্ড হওয়ার স্বপ্ন দেখেন শাহজাহান
জেমস বন্ড হওয়ার স্বপ্ন দেখেন শাহজাহান
তার নাম শাহজাহান। একজন পাকিস্তানি-ব্রিটিশ তরুণ অভিনেতা। তিনি স্বপ্ন দেখেন বিখ্যাত চরিত্র জেমস বন্ড হয়ে ওঠার। এই চরিত্রটি পাকিস্তানি শো ‘বেইট’ এর। এতে কেন্দ্রীয় চরিত্র শাহজাহান হিসেবে অভিনয় করেছেন রিজ আহমেদ।
নতুন শো মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের নজর কেড়েছে।
শাহজাহানের এই স্বপ্ন কেবল একজন অভিনেতার ক্যারিয়ার নয় বরং অভিবাসী জীবনের সংগ্রাম ও পরিচয়ের সংকটকে তুলে ধরে। হলিউডে নিজের জায়গা করে নিতে গিয়ে তিনি বারবার মুখোমুখি হন বৈষম্য ও আত্মপরিচয়ের দ্বন্দ্বে। অনেক সময় তাকে ভুল করে দেব প্যাটেল বলে ডাকা হয়, যা তার পরিচয় সংকটকে আরও গভীর করে তোলে।
শোতে দেখা যায়, পশ্চিমা সমাজে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টায় শাহজাহান নিজের শিকড় থেকে দূরে সরে যেতে থাকেন। পরিবার ও অতীতের সঙ্গে সম্পর্ক ঠিক করার পরই তিনি কাঙ্ক্ষিত চরিত্রের সুযোগ পান। তবে শেষ পর্যন্ত তিনি প্রচলিত বন্ড চরিত্রকে অনুসরণ না করে নিজের মতো করে নতুন এক পরিচয় গড়ে তোলেন—একজন ডেসি জেমস বন্ড।
গল্পের শেষ দৃশ্যে, বিখ্যাত সংলাপের পরিবর্তে তিনি নিজের নাম ঘোষণা করেন, ‘দ্য নেম ইজ... শাহজাহান।’
এই মুহূর্তটি শুধু প্রতিরোধ নয়, বরং নতুন এক প্রতিনিধিত্বের জন্ম দেয়। সেখানে দক্ষিণ এশীয় পরিচয় নিজস্ব শক্তিতে দাঁড়ায়।
এই শোর মাধ্যমে রিজ দেখিয়েছেন, প্রতিনিধিত্ব মানে শুধু অনুকরণ নয়। বরং নিজের গল্প নিজস্বভাবে তুলে ধরা।
এলআইএ