জনপ্রিয়তা শিল্পের সঠিক মাপকাঠি নয় : শহিদুল্লাহ সবুজ
অভিনেতা শহিদুল্লাহ সবুজ। এ সময়ের জনপ্রিয় অভিনেতা। বর্তমানে টিভি নাটক, বিজ্ঞাপন, সিনেমা, মঞ্চসহ সব ক্ষেত্রে সমান পদচারণা। শতাধিক কাজের মাধ্যমে ইতিপূর্বে দর্শক মহলে নজরে এসেছেন।
তার সঙ্গে বিভিন্ন প্রাসঙ্গিক কাজের বিষয় নিয়ে সরাসরি কথা বলেছেন কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল
জাগো নিউজ : আপনার অভিনয় করা ১ম টিভি নাটক কোনটি? অভিজ্ঞতা ও অনুভূতির কথা বলুন?
শহিদুল্লাহ সবুজ : প্রথম ক্যামেরার সামনে কাজ করি অলোক বসুর কবিতা অবলম্বনে লিখন মালাকারের স্বল্প দৈর্ঘ্য চলচিত্র ‘সুচরিতা’ নাটকে। আর প্রথম প্রচারিত নাটক মুরাদ পারভেজের ‘মানব জমিন’, এনটিভিতে। অভিজ্ঞতা স্বাভাবিক। অনুভূতি ছিলো রোমাঞ্চকর।
জাগো নিউজ : একজন শিল্পীর কোন গুণ শিল্পীকে অন্যের চেয়ে আলাদা করতে পারে?
শহিদুল্লাহ সবুজ : যেকোনো কাজকে স্বাভাবিকভাবেই গভীর পর্যবেক্ষণ করা, সম্মান করা। সর্বোপরি ভাল মানুষ হওয়া।
জাগো নিউজ : জীবনদর্শনে শিল্পীর কতোটা জ্ঞান থাকলে জনপ্রিয়তা আসে? জনপ্রিয়তা আর দর্শকনন্দিত’র মধ্যে তফাত কতোটা?
শহিদুল্লাহ সবুজ : জীবনদর্শনে পুরোপুরি জ্ঞান শিল্পীর থাকা উচিৎ। জনপ্রিয়তার সঠিক মাপকাঠি আপেক্ষিক। জনপ্রিয়তা আর দর্শকনন্দিত বিষয়টিও আপেক্ষিক, যা দর্শকের চাহিদার উপর নির্ভর করে। তবে আমি মনে করি জনপ্রিয়তাই শিল্পের সঠিক মাপকাঠি নয়।
জাগো নিউজ : একসময় ছিলো টিভি নাটক দেখে মানুষ হেসেছে; কেঁদেছে। এখন আর এসব চোখে পড়ে না। কারণটা বলবেন?
শহিদুল্লাহ সবুজ : আমাদের সামাজিক ও পারিপার্শ্বিক অস্থিতিশীলতা, অতিরিক্ত বিজ্ঞাপন ও নির্দিষ্ট সময়ে সম্প্রচার না হওয়া এর কারণ হতে পারে। আর কিছু ‘অ’ নাটকের বহুল প্রচার। আরেকটি দিক হচ্ছে, যেকোনো কিছুতেই আমাদের বিদেশ প্রীতি।
জাগো নিউজ : আপনি মঞ্চ তারপর টিভি নাটক, তারপর বিজ্ঞাপনে কাজ করেছেন। কোনটাতে কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করেন?
শহিদুল্লাহ সবুজ : সব মাধ্যমেই আনন্দ নিয়ে কাজ করি, স্বাচ্ছন্দ্য পাই। তবে মঞ্চে মহড়া করে, পুরোপুরি তৈরি হয়ে কাজ করা হয়। দর্শক প্রতিক্রিয়াও সাথে সাথে পাওয়া যায়। এটা ভালো লাগে।
জাগো নিউজ : ধরুন ঘুম থেকে ওঠে বিছানায় বসতে গিয়ে দেখলেন নির্মাতা কাজী হায়াত আপনাকে ভিলেন চরিত্রের জন্য অভিনয়ের অফার দিলেন, কি করবেন?
শহিদুল্লাহ সবুজ : মুখ হাত ধুয়ে কুশলাদি বিনিময় করে চা পানের সাথে চরিত্র নিয়ে আলোচনা করবো।
জাগো নিউজ : বর্তমান ব্যস্ততার কথা জানতে চাই
শহিদুল্লাহ সবুজ : বেশ কিছু ধারাবাহিক ও ঈদের কাজ করছি।
জাগো নিউজ : আগামীতে কি কি কাজ করছেন?
শহিদুল্লাহ সবুজ : বেশ কিছু ধারাবাহিক ও ঈদের কাজ করছি। আরো দুটো বিজ্ঞাপনের কাজের কথা হয়েছে।
জাগো নিউজ : ছোটবেলায় কী হতে স্বপ্ন দেখতেন?
শহিদুল্লাহ সবুজ : ছোটবেলার দীর্ঘ সময়ে স্বপ্নের তালিকাও দীর্ঘ। আইস্ক্রীমওয়ালা, কনফেকশনারি দোকানদার থেকে শুরু করে সবই হতে চেয়েছিলাম। খুব মজা পাই সেইসব বৈচিত্রময় স্বপ্নের কথা ভাবলে।
জাগো নিউজ : আপনার প্রিয় অভিনেতার নাম কি?
শহিদুল্লাহ সবুজ : দেশে হুমায়ুন ফরিদী, তারিক আনাম খান, মোশাররফ করিম, বিদেশে চার্লি চ্যাপলিন ও রবি ঘোষ, নাসির উদ্দিন শাহ।
এলএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ এক জীবনে একবার পাওয়া যায় এমন চরিত্রে মাহিরা খান, দিলেন বড় চমক
- ২ মধ্য পৃথিবীতে পা রাখতে যাচ্ছেন টাইটানিকের নায়িকা
- ৩ ঈদের ছবির দৌড়ে এগিয়ে শাকিবের ‘প্রিন্স’, ট্রেন্ডিংয়ে এক নম্বরে টিজার
- ৪ ‘মাল দেওয়া’ জিল্লু এবার ‘খাইয়া দেবে’, শাকিবের পর সিয়ামের নির্দেশ
- ৫ মনোনয়ন পেয়েও ট্রাম্পের নিষেধাজ্ঞায় বঞ্চিত ফিলিস্তিনি অভিনেতা