ঢাকা রক ফেস্টে গাইবে ৩২ ব্যান্ড দল
ব্যান্ড মিউজিক অনুরাগীদের জন্য বছর শেষে বাংলালিংক নিয়ে আসছে ঢাকা রক ফেস্ট ৩.০। এটি আয়োজনে স্কাই ট্র্যাকার লিমিটেড। ২৭ ও ২৮ ডিসেম্বর আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। সেখানে দুদিন দেশের জনপ্রিয় ব্যান্ডদল থাকছে।
এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে বাংলালিংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেডের ডিরেক্টর সাজিদ ইসলাম। সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যান্ডগুলো হচ্ছে ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল এভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনসাশ, কার্নিভাল, আফটারম্যাথ ক্যালিপ্সোসহ বাকি ব্যান্ডের সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, অর্থহীন এর শিশির আহমেদ, আর্টসেলের কাজী ফয়সাল আহমেদসহ আরও অনেক তারকা।
এবছরের শো সম্পর্কে স্কাই ট্র্যাকারের ডিরেক্টর সাজিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে রক মিউজিক অসম্ভব জনপ্রিয়। কনসার্টপ্রেমী তরুণ গোষ্ঠীকে প্রতিবারের মতো এবারও আমরা আনন্দে ভাসাতে চাই। তরুণদের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি নিয়মিত আয়োজন করি আমরা।’

বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ বলেন, ‘বাংলালিংক দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে আসছে। ঢাকা রক ফেস্ট আমাদের সেই প্রচেষ্টারই বহিঃপ্রকাশ। রক ঘরানার শোয়ের পাশাপাশি এবছর বাংলালিংক দেশব্যাপী বিভিন্ন ইউনিভার্সিটিতে ২০টির মতো কনসার্ট আয়োজন করেছে। ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় ধারা এই রক কনসার্টে যুক্ত থাকার পাশাপাশি বাংলালিংক সামনে রক মিউজিককে আরও জনপ্রিয় করার জন্য কাজ করবে।’
এবারের বাংলালিংক ঢাকা রক ফেস্ট ৩.০ এর গেট ওপেন হবে প্রতিদিন সকাল ১০টায়। দুদিনের এই ইভেন্টে সব মিলিয়ে মোট পারফর্ম করবে ৩২টি ব্যান্ড। অনুষ্ঠানটির স্ট্রিমিং পার্টনার থাকছে জনপ্রিয় অ্যাপ টফি, পেমেন্ট পার্টনার বিকাশ, এক্সপেরিয়েন্স পার্টনার সুজুকি মোটরবাইক, টিকেটিং পার্টনার গেট সেট রক, কমিউনিটি পার্টনার বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফোরাম কমিউনিটি, পিআর পার্টনার মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ, আইটি পার্টনার কোডিক্সেল। দর্শকরা ঢাকা রক ফেস্ট ৩.০ এর টিকিট ক্রয় করতে পারবে অনুষ্ঠানটির টিকেটিং পার্টনার গেট সেট রক এর ওয়েবসাইট থেকে। প্রতিদিনের টিকিটের মূল্য ৫০০ টাকা, দুদিনের একসঙ্গে কিনলে ৯০০ টাকা।
কনসার্টে প্রথমদিন (২৭ ডিসেম্বর) গাইবে আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, বহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সারকাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ।
কনসার্টে দ্বিতীয়দিন (২৮ ডিসেম্বর) গাইবে আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, এভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনসাশ ও ওয়ারফেজ।
এমআই/এমএমএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ শয্যাশায়ী কিরণ রাও, কোন রোগে আক্রান্ত আমিরের সাবেক স্ত্রী?
- ২ শিক্ষার্থীদের পড়াশোনার টিপস ইরফানের, পোস্টে নতুন শিক্ষামন্ত্রীর ছবি
- ৩ শাহরুখ, অক্ষয়দের প্রতিযোগী মনে করেন না জন আব্রাহাম
- ৪ মুসলিম হিসেবে ছেলে ট্যাটু করতে পারবে? জানতে চাইলেন অপু বিশ্বাস
- ৫ ৬০ কোটির ওটিটি প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা, বিয়েতে কড়া গোপনীয়তা