ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

হৃতিকের বিরুদ্ধে আব্রাহামের মামলা

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ৩০ মার্চ ২০১৬

ভালোই ফাপরে দিন কাটছে বলিউড সুপারহিরো হৃতিক রোশনের। কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। এবার সেই সম্পর্কের জের ধরেই মামলার শিকার হলেন নায়ক।

জানা গেছে, সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ ভারতীয় দণ্ডবিধির ২৯৫ নম্বর ধারায় ফৌজদারি মামলা করা হয়েছে হৃতিকের বিরুদ্ধে। মামলার বিবরণে বলা হয়, কঙ্গনার দিকে মৌখিক আক্রমণ শোনাতে গিয়ে গেল ২৮ জানুয়ারি হৃতিক টেনে এনেছিলেন পোপের প্রসঙ্গ। কঙ্গনাকে নিয়ে করা এক টুইটে হৃতিক লিখেছিলেন, ‘যে নারীকে জড়িয়ে মিডিয়ায় আমার নাম ছড়ানো হচ্ছে, এর চেয়ে পোপের সঙ্গে জড়ালে বেশি খুশি হতাম।’

এতেই ক্ষেপেছেন ক্রিশ্চান ভয়েজ নামক সংগঠনের প্রেসিডেন্ট আব্রাহাম মাথাই। তার অভিযোগ, পোপ বলতে নিশ্চিতভাবেই হৃতিক আসলে পোপ ফ্রান্সিসের কথাই উল্লেখ করেছেন।

হৃতিককে যে আইনি নোটিশ পাঠানো হয়েছে তাতে আরো বলা হয়েছে, ক্যাথলিক ক্রিশ্চানদের ধর্মানুযায়ী সমকামিতা অপরাধ। সেখানে পৃথিবীতে রোমান ক্যাথলিকদের প্রধানকে নিয়ে সেই ধরনের একটি সম্পর্কের ইঙ্গিত অত্যন্ত গর্হিত অপরাধ। সজ্ঞানে করা হৃতিকের এই মন্তব্য ক্ষমার যোগ্য নয়।

সেই সঙ্গে বলা হয়েছে, পোপকে জড়িয়ে এমন অরুচিকর মন্তব্যের জন্য আগামী সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। নয়তো তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেচারা হৃতিক, সময়ের ফের কাকে বলে ভালোই ঠের পাচ্ছেন।

এলএ/এবিএস