ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

আজ চিত্রনায়িকা দিতির জন্মদিন

প্রকাশিত: ১১:৩২ এএম, ৩১ মার্চ ২০১৬

চলচ্চিত্রের সোনালী দিনের নায়িকা পারভীন সুলতানা দিতি। গেল ২০ মার্চ না ফেরার দেশে চলে যান তিনি। তার এভাবে অকালে চলে যাওয়ায় চলচ্চিত্রাঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

আজ ৩১ মার্চ অকাল প্রয়াত এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জন্মগ্রহণ করেন। আজকের জন্মদিন উপলক্ষে তার দুই সন্তান লামিয়া ও দীপ্ত বৃহস্পতিবার সকালে নারাণগঞ্জের সোনারগাঁয়ে তাদের মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনটি শুরু করেছেন। দুপুরে ঢাকায় ফিরে এতিমখানার শিশুদের খাবারের ব্যবস্থা করেছেন।

এদিকে দিতির বিদেহী আত্মার মাগফেরাত কামনার উদ্দেশ্যে দুপুরের সোনারগাঁও যাওয়ার কথা রয়েছে অভিনেত্রী শর্মিলী আহমেদ ও আজমেরী হক বাঁধনের। তাছাড়া রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে নারী পুলিশদের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দিতি অভিনীত বেশ কিছু জনপ্রিয় গানে পারফর্ম করেবন চিত্রনায়ক নিরব এবং শিরিন শিলা।

এ নিয়ে নিরব বলেন, ‘আজ দিতি আপার জন্মদিন। অথচ সেই মানুষটা আমাদের মাঝে নেই। তাকে স্মরণ করতেই তার গানে পারফর্ম করবো।’

উল্লেখ্য, ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির সম্পৃক্ততা ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘আমিই ওস্তাদ’। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। এরপর দিতি প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন।

সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এই ছবিতেই অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

দীর্ঘ ক্যারিয়ারে দিতি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটি বেঁধে। ব্যক্তি জীবনে তিনি ভালোবেসেই বিয়ে করেছিলেন চিত্রনায়ক সোহলে চৌধুরী। সেই সংসারে সাফায়েত নামের এক ছেলে ও লামিয়া নামের এক মেয়ে রয়েছে দিতির।

এনই/এলএ/পিআর