শিশু নির্যাতনের প্রতিবাদে শুক্রবার ব্রেভার কনসার্ট
‘শিশু নির্যাতন রুখে দাও’ এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ব্রেভার কনসার্ট। বিকেল ৩টায় শুরু হবে এ কনসার্ট।
সারাদেশে শিশু নির্যাতনের প্রতিবাদে এ কনসার্টের আয়োজন করেছে দেশ টিভি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কনসার্টে কো-স্পন্সর করছে অলটাইম। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জাগোনিউজ২৪ডটকম এবং দৈনিক ইত্তেফাক।
কনসার্টে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় পপ স্টার শিল্পী মমতাজ এমপি, ফিডব্যাক, হায়দার হোসেন, নেমেসিস, সজল ও পিংকি পাওয়ার ভয়েজ।
ব্রেভারের ব্র্যান্ড ম্যানেজার গিয়াস উদ্দিন সজীব জানান, কনসার্টের সব আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নান্দনিক সাজে সাজানো হয়েছে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামকে। স্টেডিয়ামের ভেতরেই অনুষ্ঠিত হবে এ কনসার্ট। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।
কনসার্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ টিভির ডিএমডি আরিফ হাসান, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিএমপি পুলিশ কমিশনার, চট্টগ্রামের পুলিশ সুপার, ব্রেভারের ব্র্যান্ড ম্যানেজার গিয়াস উদ্দিন সজিব, অলটাইমের ব্র্যান্ড ম্যানেজার শাহ ফয়সাল হোসেন, ভিশনের হেড অব মার্কেটিং মাহবুবুল আলম ওয়াহিদ ও ইভেন্ট ম্যানেজার মো. ইউছুফ।
নগরীর বিভিন্ন দোকান থেকে যারা ব্রেভার ড্রিংক ক্রয় করবেন তারা ওই পণ্যের মোড়কটি সঙ্গে নিলেই কনসার্টে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
জীবন মুছা/জেএইচ/আরআইপি