রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
১০০০ শয্যার হাসপাতাল নির্মাণে সহযোগিতা করতে চীন পিছপা হবে না
সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎকালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়/ছবি: সংগৃহীত
বাংলাদেশে প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে সহযোগিতা করতে চীন পিছপা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সাক্ষাতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব (রুটিন দায়িত্ব) খোরশেদ আলম ও ঢাকার চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
এসময় স্বাস্থ্য খাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও বাড়ানোর আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে দেশটির সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে চীন তাদের সহযোগিতার প্রতিশ্রুতি রক্ষা করবে।
বৈঠকে প্রতিমন্ত্রী মুহিত বলেন, চীনের সহযোগিতায় প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল উত্তরবঙ্গে স্থাপন করাই যুক্তিযুক্ত, কারণ উত্তরবঙ্গ তুলনামূলকভাবে অনুন্নত ও অবহেলিত।
চীনের রাষ্ট্রদূত বলেন, প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে সহযোগিতা করতে তারা পিছপা হবেন না- তা সাধারণ হাসপাতাল হোক বা বিশেষায়িত হাসপাতাল।
তিনি জানান, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে চীন থেকে চিকিৎসক দল বাংলাদেশে এসেছে। রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের জন্য ৮২টি যন্ত্রপাতি দেওয়া হয়েছে। বাংলাদেশি মেডিকেল স্টাফদের চীনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া উচ্চশিক্ষায় নিয়োজিত চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।
এসইউজে/একিউএফ
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ ১২০০ রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
- ২ ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণে সহযোগিতা করতে চীন পিছপা হবে না
- ৩ ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ বিদায়ী স্বাস্থ্যসচিব সাইদুর রহমানের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান
- ৫ কাউকে শাস্তি দিয়ে নয়, বুঝিয়ে-সচেতন করে কাজ করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী