হৃদরোগ হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বাস্তব চিত্র তুলে ধরে সেখানে চলমান অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত মঙ্গলবার (৭ এপ্রিল) শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, গুরুতর অসুস্থ রোগী চিকিৎসাধীন থাকা অবস্থায়ও হাসপাতালের ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, যা রোগীদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একজন হৃদরোগী হাসপাতালে ভর্তি, পাশাপাশি তার ইনফেকশন রয়েছে। অথচ সেই ওয়ার্ডেই অনিয়ন্ত্রিতভাবে খাবার বিক্রি হচ্ছে। কেউ চা বিক্রি করছে, কেউ পায়ে ময়লা নিয়ে ঘুরছে—এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
সাখাওয়াত হোসেন আরও বলেন, হাসপাতালের ভেতরে অবাধে সিঙ্গারা, কেকসহ বিভিন্ন খাবার নিয়ে প্রবেশ করা হচ্ছে, বিক্রি হচ্ছে এবং ব্যবহারের পর বর্জ্য ফেলা হচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে।
স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, ‘রোগীর প্রতি আমাদের যত্নের মান আসলে কতটুকু? এভাবে চলতে থাকলে চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি সতর্ক করে বলেন, হাসপাতাল পরিবেশে ছড়িয়ে পড়া সংক্রমণ বা ‘হাসপাতাল ভাইরাস’ অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এতে রোগীর বিদ্যমান রোগের পাশাপাশি নতুন জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি হাসপাতালের পরিবেশ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে মেডিকেল এথিক্স কঠোরভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা শুধু ওষুধ দিয়ে হয় না। পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলাও সমান গুরুত্বপূর্ণ। এগুলো নিশ্চিত না হলে রোগীর কষ্ট আরও বাড়তে পারে।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা জোরদারের আহ্বান জানিয়ে বলেন, রোগীবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।
এসইউজে/এমএমএআর
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ জরুরি হাম-রুবেলা টিকাদান নিয়ে প্রশ্নোত্তর: অভিভাবকদের যা জানা জরুরি
- ২ হাম ও হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু
- ৩ হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
- ৪ নৈতিকতা ও সমন্বিত উদ্যোগ ছাড়া স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়
- ৫ হৃদরোগ হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর