মদ্যপ অবস্থায় বেঙ্গালুরুতে দুই নারীর বিশৃঙ্খলা, ধরে নিয়ে গেলো পুলিশ
মদ্যপ অবস্থায় বেঙ্গালুরুতে দুই নারীর বিশৃঙ্খলা
ভারতের বেঙ্গালুরুতে মদ্যপ অবস্থায় দুই নারী রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণত মদ্যপ পুরুষদের কারণে গোলমালের খবর বেশি শোনা গেলেও, এই ঘটনায় দুই নারী আলোচনায় এসেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বন্ধুদের বাসা থেকে ফেরার পথে মোটরসাইকেলে থাকা ওই দুই নারী পেছন থেকে একটি ক্যাবকে ধাক্কা দেন। ক্যাবচালক আহমেদ দুর্ঘটনার বিষয়ে তাদের প্রশ্ন করলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
অভিযোগ রয়েছে, এ সময় ওই দুই নারী ক্যাবচালককে গালিগালাজ করেন এবং হেলমেট দিয়ে আঘাত করেন। পরিস্থিতি শান্ত করতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।
সংঘর্ষের সময় ওই নারীরা হাতে পেঁচানো একটি চেইন ব্যবহার করেও ক্যাবচালককে আক্রমণ করেন।
ঘটনার ভিডিওতে দেখা যায়, তারা আশপাশের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং অশালীন অঙ্গভঙ্গি করছেন। এ সময় জনতার কয়েকজন সদস্যকেও তাদের দিকে চিৎকার করতে দেখা যায়।
একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ধরে নেওয়ার সময় এক নারী কয়েকজন পুরুষকে লাথি মারছেন। এমনকি পুলিশ ভ্যানে তোলার পরও তিনি গালাগালি ও অশালীন অঙ্গভঙ্গি চালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালে দুই নারীর বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ জানিয়েছে, লিসা ও ম্যাথিউ নামে পরিচিত ওই দুই নারীকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি
এমএসএম