ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবার এক দফায়?

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। চলতি বছরে যে কোনো সময় পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ প্রায় শেষের দিকে। এসআইআর-এর কাজ শেষ হলেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই জাতীয় নির্বাচন কমিশন আলোচনা শুরু করেছে যে, এবার নির্বাচন কত দফায় করা হবে।

রাজ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচন আট দফায় করার হয়েছিল। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল দেশটির জাতীয় নির্বাচন কমিশন। এছাড়াও পশ্চিমবঙ্গের নির্বাচনে বারবার সহিংসতার মতো ঘটনার কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন জাতীয় নির্বাচন কমিশন। প্রতিবার ভোট আসে সঙ্গে হিংসার খবর, হানাহানি, বোমাবাজি, প্রাণহানির মতো ঘটনা ঘটে।

এক দফায় ভোট হলে সেই অশান্তি বা হিংসার সুযোগ কম থাকবে বলে মনে করছেন অনেকেই।
জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী, নির্বাচনে সহিংসতা কমাতে একদিনেই পুরো রাজ্যের বিধানসভা নির্বাচনের পক্ষপাতী। তাই চলতি বছরের বিধানসভার নির্বাচনে এক দফায় করা হতে পারে। তবে পশ্চিমবঙ্গে কয় দফায় ভোট হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, যদি কমিশন এক দফায় ভোট করানোতে সিলমোহর দেয় সেক্ষেত্রে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে নিজেদের প্লান জানাবে রাজ্যের মুখ্য নির্বাচন দপ্তর।

২০২১ সালের বিধানসভা নির্বাচন আট দফায় করার হয়েছিল। সে সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রশ্ন তুলেছিলেন ৩৯ লোকসভার রাজ্য তামিলনাড়ুতে যদি এক দফায় ভোট হতে পারে তবে পশ্চিমবঙ্গে কেন ৮ দফা প্রয়োজন? এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরসহ বিজেপিকে নিশানা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী।

গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের নির্বাচন একাধিক দফাতেই হয়েছে। পশ্চিমবঙ্গের চেয়ে বেশি বিধানসভা আসনের রাজ্যে এর থেকে কম দফায় নির্বাচন করিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সে সময় বৈষম্য নিয়ে সোচ্চার হয়েছিলেন রাজ্যের শাসকদলের প্রধান মমতা ব্যানার্জী।

বর্তমানে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকাতেও ক্ষুব্ধ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই পশ্চিমবঙ্গের ভোটে এবার কোনো অভিযোগ বা বৈষম্যের জায়গা রাখতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন।

ডিডি/টিটিএন