আইএস হুমকি মোকাবিলায় সৌদিতে আন্তর্জাতিক জোটের বৈঠক শুরু
সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজ/ ছবি: আনাদোলু এজেন্সি
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস (দায়েশ) বিরোধী আন্তর্জাতিক জোটের রাজনৈতিক পরিচালকদের বৈঠক শুরু হয়েছে। সোমবার ( ৯ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে এ বৈঠক শুরু হয়েছে।
সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরাইজির সভাপতিত্বে অনুষ্ঠিত একদিনের এ বৈঠকে জোটভুক্ত ৯০টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বলে সৌদি টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া জানিয়েছে।
বৈঠকে উপস্থিত রয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শাইবানী এবং সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে মূলত সিরিয়া ও ইরাকে আইএসের তৎপরতা–সংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাসী সংগঠনটির পক্ষ থেকে এখনো বিদ্যমান হুমকি মূল্যায়ন, স্লিপার সেলের মাধ্যমে পুনরুত্থান ঠেকানোর উপায় এবং নিরাপত্তা ও সামরিক সমন্বয় জোরদার করার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
বৈঠক শেষে একটি চূড়ান্ত বিবৃতি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
রোববার ( ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠকে অংশ নিতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী শাইবানী ও দেশটির গোয়েন্দা প্রধান হুসেইন আল-সালামা রিয়াদে পৌঁছান।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে সিরিয়া আনুষ্ঠানিকভাবে আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে যোগ দেয়। ২০১৪ সালে গঠিত এই জোট সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে যদিও আগে দামেস্ক এই জোটের সদস্য ছিল না।
২০২৪ সালের শেষদিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর নতুন সিরীয় প্রশাসন দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি জোরদারে কাজ করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
কেএম