ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

মার্কিন শান্তি পরিকল্পনা ‘ধ্বংস’ করছে ইউক্রেন-ইউরোপ: রুশ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:২১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনাকে ইউক্রেন ও ইউরোপ ‘ধ্বংস’ করেছে বলে অভিযোগ করেছেন সের্গেই।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের মতে, ২০২৫ সালের আগস্টে আলাস্কা অঙ্গরাজ্যের অঙ্করেজে প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠকে রাশিয়ার কাছে যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল তা ধ্বংস করছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো।

বুধবার (১১ ফেব্রুয়ারি) লাভরভ এমপাটিয়া মানুচি অনলাইন প্রজেক্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউরোপে শান্তি উদ্যোগ সম্পূর্ণ অনুপস্থিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক ডকুমেন্টের মাধ্যমে শান্তি প্রচেষ্টা চালিয়েছিল।

তবে এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার পৃষ্ঠপোষক দেশগুলো-ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও বাল্টিক দেশগুলি-এই উদ্যোগকে নষ্ট করেছে বলে তিনি অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, রাশিয়া সমঝোতার জন্য প্রস্তুত তবে তা রাষ্ট্রের অস্তিত্ব নির্ভরশীল মৌলিক নীতির উপর প্রযোজ্য নয়। লাভরভ বলেছেন, এমন কোনো সমঝোতা কখনোই লক্ষ লক্ষ মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকা অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তিনি যুক্তি দেন যে, ইউক্রেনের পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ হচ্ছে না এবং জেলেনস্কি কোনো নমনীয়তা দেখাচ্ছেন না।

নিরাপত্তা গ্যারান্টি প্রসঙ্গে লাভরভ বলেছেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে পারস্পরিক নিরাপত্তা চাচ্ছে না বরং পশ্চিমের কাছ থেকে সামরিক গ্যারান্টি চাইছে, যা যে-কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করার ঝুঁকি বহন করে। তিনি এটিকে অত্যন্ত বিপজ্জনক এবং উসকানিমূলক হিসেবে আখ্যায়িত করেছেন।

জাতিসংঘ নিয়ে লাভরভ স্বীকার করেছেন, অনেকেই সংগঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে চেয়েছেন। রাশিয়া চেষ্টা করছে ভৌগোলিক সমতার নীতি পুনঃপ্রতিষ্ঠা করতে, যাতে রাষ্ট্র ধনী বা দরিদ্র, উন্নয়নশীল বা অতিরিক্ত উন্নত ইত্যাদি ভিত্তিতে বৈষম্য না হয়। তবে তিনি জাতিসংঘ সচিবালয়কে ডাবল স্ট্যান্ডার্ড ব্যবহারের অভিযোগ করেছেন।

লাভরভ আরও বলেন, উত্তর সমুদ্রপথে রাশিয়ার রাষ্ট্রীয় অধিকার চ্যালেঞ্জ করা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে ফরাসি জাহাজ ও মার্কিন নৌবাহিনীর দ্বারা রাশিয়ার তেলবাহী জাহাজ আটকানোর ঘটনা উদ্বেগজনক। তিনি আশ্বাস দিয়েছেন, শিগগিরই এসব ঘটনা কমে যাবে, কারণ পরিকল্পনাকারীরা পরিণতির ভয়াবহতা বুঝবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেএম