রয়টার্সের প্রতিবেদন
ইরানে সপ্তাহব্যাপী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ডোনাল্ড ট্রাম্প/ফাইল ছবি: এএফপি
ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হামলার নির্দেশ দেন তাহলে ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী অভিযান অব্যাহত রাখতে মার্কিন সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। ফলে দেশ দুটির মধ্যে আগের তুলনায় অনেক বেশি গুরুতর সংঘাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনা সংবেদনশীল হওয়ায় ওই কর্মকর্তারা নাম প্রকাশ করতে অসম্মতি জানিয়েছেন। তবে এই খবর বাইরে প্রকাশ পাওয়া যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতায় নিশ্চিতভাবে চাপ বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গত সপ্তাহে ওমানে মার্কিন ও ইরানি কূটনীতিকরা আলোচনা করেছেন। ট্রাম্প এই অঞ্চলে সামরিক বাহিনী জড়ো করার পর নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন যে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে, যেখানে আরও হাজার হাজার সেনা, যুদ্ধবিমান, গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী এবং আক্রমণ পরিচালনা এবং তাদের বিরুদ্ধে প্রতিরক্ষা করতে সক্ষম অন্যান্য শক্তি যুক্ত করা হবে।
শুক্রবার উত্তর ক্যারোলিনার একটি ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ‘একটি চুক্তি করা কঠিন’ হয়ে পড়েছে।
ট্রাম্প বলেন, কখনো কখনো ভীতি তৈরি করতে হয়। সত্যি বলতে, পরিস্থিতি সামাল দিতে এটাই একমাত্র উপায়। দীর্ঘ মেয়াদে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউজের মুখপাত্র আন্না কেলি বলেন, ‘ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব বিকল্পই খোলা আছে। তিনি যেকোনো ইস্যুতে নানা মতামত শোনেন। তবে শেষ পর্যন্ত দেশের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার জন্য যা সবচেয়ে ভালো, সেটি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
টিটিএন