ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিশ্ববাজারে সোনার দাম কমলো

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:০০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। এর মূল কারণ স্থানীয় ছুটির কারণে যুক্তরাষ্ট্র ও চীনের বাজারে লেনদেন কম ছিল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৬.৩২ ডলার।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতি (সিপিআই) তথ্য প্রকাশের পর শুক্রবার সোনার যে উল্লম্ফন হয়েছিল, তার কিছুটা অংশ আজ ফিরে এসেছে। কম লেনদেন এবং নতুন কোনো শক্তিশালী ইতিবাচক কারণ না থাকায় সোনার দাম চাপের মুখে পড়েছে। তিনি আরও জানান, এদিন বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিয়েছেন।

এদিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে উপলক্ষে এবং চীনে চন্দ্র নববর্ষ উপলক্ষে বাজার বন্ধ ছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়েছে ০.২ শতাংশ, যা ডিসেম্বরের ০.৩ শতাংশ বৃদ্ধির তুলনায় কম। অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, জানুয়ারিতে এই হার ০.৩ শতাংশ হবে।

শিকাগো ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অস্টান গুলসবি বলেন, সুদের হার ভবিষ্যতে কমতে পারে, তবে পরিসেবাখাতে মূল্যস্ফীতি এখনও তুলনামূলকভাবে বেশি রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আগামী ১৮ মার্চের বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। তবে চলতি বছরে মোট ৭৫ বেসিস পয়েন্ট সুদ কমানো হতে পারে বলে বিনিয়োগকারীরা ধারণা করছেন। প্রথম দফা সুদ কমানোর সম্ভাবনা জুলাই মাসে।

এদিকে ভূরাজনৈতিক অঙ্গনে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে দেশটির দুই কর্মকর্তা জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

এমএসএম