ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

রিলস বানানোর নেশায় চলন্ত বাসের দরজা খুলে দিলেন বাইকার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার নেশায় মানুষ এখন যেন তাদের বিবেক-বুদ্ধি বিসর্জন দিয়েছে। ভাইরালের এই যুগে কিছু একটা করতে পারলেই হলো। সেটা কারো ক্ষতি করছে কি না তাও দেখার সময় নেই। মঙ্গলবার উত্তর-পূর্ব দিল্লিতেও এমন একটি ঘটনা ঘটেছে। সেখানে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে রিলস বানানোর জন্য চলন্ত বাস এবং গাড়ির দরজা খুলে ফেলতে দেখা গেছে। মোটরসাইকেলে বিপজ্জনক স্টান্ট করা এবং সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর জন্য বাস যাত্রীদের হয়রানির অভিযোগে এরই মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটির কোনো রেজিস্ট্রেশন প্লেটও ছিল না। অভিযুক্ত ব্যক্তির নাম তুষার পুনিয়া। তিনি দিল্লির খাজুরি খাসের বাসিন্দা।

গত ১৬ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে এক ব্যক্তিকে নম্বর প্লেট ছাড়াই মোটরসাইকেল চালাতে এবং চলমান ট্র্যাফিকের মধ্যে একটি ডিটিসি বাসসহ বেশ কিছু যানবাহনের দরজা খুলে ফেলতে দেখা যায়, যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভাইরাল রিলসের বিষয়টি আমলে নিয়ে নিউ উসমানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত শুরু করা হয়েছে।

কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তকে শনাক্ত করতে একটি টিম গঠন করা হয়। তারা এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করেছে, ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে বাইক চালকের পরিচয় নিশ্চিত করেছে। এরপরেই অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্টান্ট করার সময় নিজের পরিচয় এড়াতে রেজিস্ট্রেশন প্লেটটি সরিয়ে ফেলেছিল। ভিডিওতে তাকে বিপজ্জনকভাবে ট্র্যাফিকের মধ্য দিয়ে বাইক চালাতে এবং হঠাৎ করে একাধিক যানবাহনের দরজা খুলে দিতে দেখা গেছে, যা কেবল নিজের জীবনের জন্যই নয়, অন্যান্য লোকজনের জন্যও বিপজ্জনক ছিল।

ওই ব্যক্তি এর আগে একই ধরণের ঘটনায় জড়িত ছিল কি না তা নিশ্চিত করার জন্য আরও তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

টিটিএন