ইসরায়েলে ‘ফিলিস্তিনপন্থি’ মার্কিন সাংবাদিক কার্লসন আটক
যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও উপস্থাপক টাকার কার্লসন/ছবি: আনাদোলু এজেন্সি
ইসরায়েলে থাকা মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সাক্ষাৎকার নেওয়ার পরপরই দখলদার নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও উপস্থাপক টাকার কার্লসন। তার টিমের সদস্যদেরও আটক করা হয়। এসময় ইসরায়েলি কর্মকর্তাদের ব্যাপক জেরার মুখে পড়েছিলেন কার্লসন ও দল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কার্লসন মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে প্রায়ই মতবিরোধে জড়িয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাকাবির সাক্ষাৎকারের জন্য ইসরায়েল সফর করেছিলেন।
হাকাবি দাবি করেছেন, ইহুদিদের ফিলিস্তিনি ভূমিতে বসতি স্থাপনের ঐশ্বরিক অধিকার রয়েছে এবং তিনি ফিলিস্তিনিদের জাতীয় পরিচয় অস্বীকার করেন।
সাক্ষাৎকারের আগে সামাজিক মাধ্যমে কার্লসন ও হাকাবির মধ্যে প্রকাশ্য বাগ্বিতণ্ডা হয়। কার্লসন ইসরায়েলে খ্রিস্টানদের সঙ্গে চমকপ্রদ আচরণের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ইহুদি সেটলারদের হামলার মুখে থাকা খ্রিস্টানদের সুরক্ষা নিশ্চিত করতে হাকাবি ব্যর্থ হয়েছেন।
খ্রিষ্টানদের বিরুদ্ধে হয়রানির ঘটনাগুলোর মধ্যে রয়েছে থুতু নিক্ষেপ, শারীরিক ভীতি প্রদর্শন, কবরস্থানসহ সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং ধর্মীয় অনুষ্ঠান ব্যাহত করা।
ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ধর্মপ্রাণ খ্রিষ্টান কার্লসন বলেন, ইসরায়েলি কর্মকর্তারা তাদের পাসপোর্ট জব্দ করেছেন এবং তার এক সহকর্মীকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন।
কার্লসন বলেন, যারা নিজেদের বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিল তারা আমাদের পাসপোর্ট নিয়ে নিয়েছে, আমাদের নির্বাহী প্রযোজককে পাশের একটি কক্ষে নিয়ে যায় এবং আমরা রাষ্ট্রদূত হাকাবির সঙ্গে কী কথা বলেছি তা জানতে চায়। বিষয়টি অদ্ভুত ছিল। আমরা এখন দেশটির বাইরে আছি।
সাক্ষাৎকারের আগে কার্লসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেন গুরিয়ন বিমানবন্দরে তার ব্যাবসায়িক অংশীদার নিল প্যাটেলের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ইসরায়েল থেকে শুভেচ্ছা।
লক্ষাধিক অনুসারী থাকা তার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কার্লসন ডানপন্থীদের মধ্যে অন্যতম প্রভাবশালী কণ্ঠে পরিণত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলের প্রভাব, বিশেষ করে ইরান ও অন্যান্য আঞ্চলিক শত্রুদের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াতে লবিংয়ের সমালোচনা করে আসছেন।
তিনি গাজায় ইসরায়েলের যুদ্ধকে ‘গণহত্যা’ বলেও আখ্যা দিয়েছেন। গত সপ্তাহে হাকাবি প্রকাশ্যে জবাব দিয়ে বলেন, ‘আমাকে নিয়ে কথা বলার বদলে, কেন আমার সঙ্গে এসে কথা বলছেন না?’ কার্লসন সেই আমন্ত্রণ গ্রহণ করেন।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রো-ইসরায়েল লবিং গ্রুপ গাজায় ইসরায়েলের কথিত গণহত্যার বিরোধিতা করার কারণে কার্লসনকে ‘বছরের ইহুদিবিদ্বেষী’ আখ্যা দেয়।
ডেইলি মেইলে উদ্ধৃত প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষ প্রথমে কার্লসনকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করেছিল, যা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা হয়।
চ্যানেল ১৩ জানায়, ‘কূটনৈতিক সংকট’ এড়াতে শেষ পর্যন্ত ইসরায়েল তাকে প্রবেশের অনুমতি দেয়।
ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস পুরো প্রক্রিয়াকে স্বাভাবিক বলে দাবি করেছে এবং তেল আবিবের আচরণকে সমর্থন করে।
দূতাবাসের এক প্রতিনিধি বলেন, কার্লসন ‘ইসরায়েলে প্রবেশ ও প্রস্থানকালে রাষ্ট্রদূত হাকাবি ও অন্যান্য কূটনীতিকসহ অসংখ্য দর্শনার্থীর মতোই স্বাভাবিক পাসপোর্ট নিয়ন্ত্রণ প্রশ্নের মুখোমুখি হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘শুধু সাক্ষাৎকারের জন্য ইসরায়েল কার্লসনকে প্রবেশের অনুমতি দিয়েছিল-এ তথ্য সঠিক নয়। অন্য যেকোনো দর্শনার্থীর মতোই তিনি ইতিবাচক আচরণ পেয়েছেন।
মার্কিন রক্ষণশীল ভোটাররা যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের প্রভাব নিয়ে সমালোচনামুখর এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কৌশলগত স্বার্থে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে ফেলার বিরোধিতা করছেন।
কার্লসন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি)-এর প্রভাবেরও সমালোচনা করে এটিকে মার্কিন আইনপ্রণেতা ও দেশের জন্য চলমান অপমানজনক প্রক্রিয়া বলে আখ্যা দিয়েছেন।
ইসরায়েল নিয়ে মতভেদ থাকা সত্ত্বেও কার্লসন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ঘনিষ্ঠ রয়েছেন এবং সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাবেক মার্কিন প্রতিনিধি মার্জোরি টেইলর গ্রিন কার্লসনের আটক হওয়ার ঘটনায় বলেন, মার্কিন নাগরিক ও সাংবাদিক টাকার কার্লসনকে ইসরায়েলে আটক করা হয়েছে… আমরা এটি সহ্য করব না। আপনারা বিষয়টি আরও খারাপ করে তুলেছেন।
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
- ২ এপস্টিন বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
- ৩ বোর্ড অব পিসের আড়ালে গাজায় ৩৫০ একরের সামরিক ঘাঁটি গড়ার পরিকল্পনা
- ৪ ইসরায়েলে ‘ফিলিস্তিনপন্থি’ মার্কিন সাংবাদিক কার্লসন আটক
- ৫ যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার